বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বোদা সদর ইউনিয়নের উলিপুকুরী-মন্ডলেরহাট এলাকার আশরাফুল ইসলামের ছেলে মো. মিশু (২৫) ও তাঁর মা মাহফুজা আক্তার (৫০)। মিশু বোদা উপজেলা শহরের ইসলামবাগ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর মিশু তাঁর মোটরসাইকেলের পেছনে মা মাহফুজা আক্তারকে নিয়ে বাড়ি থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরী এলাকায় পঞ্চগড়-মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ মা ও ছেলে সড়কের ওপর ছিটকে পড়েন।

পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বোদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আফজাল হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলটিকে নাবিল পরিবহনের ঢাকাগামী একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে স্থানীয় লোকজনের ভাষ্য। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধাক্কা দেওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।