কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে মালামাল সরিয়ে নিলেন বহিষ্কৃত বিএনপি নেতা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ উঠে। সম্প্রতি তোলাফাইল ছবি: প্রথম আলো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি অবশেষে দখলমুক্ত হয়েছে। বাড়িটি দখলে রাখার অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে বহিষ্কারের পর তিনি বাড়ি থেকে নিজের মালামাল সরিয়ে নিয়েছেন।

আজ মঙ্গলবার আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বাড়িটি ছাড়ার তথ্য জানিয়েছেন মিজানুর রহমানও। তিনি বলেন, ‘আমি বাড়ি থেকে চলে এসেছি। বহিষ্কারাদেশ পাইনি। তবে এলাকায় মাইকিং করে বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়েছে, তা শুনেছি।’

দলীয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য মিজানুরকে সাত দিনের সময় দেয় রায়কালী ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ি ছেড়ে না দেওয়ায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।

গত ২১ জুলাই বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য মিজানুরকে সাত দিনের সময় দেয় রায়কালী ইউনিয়ন বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ি ছেড়ে না দেওয়ায় বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।

এরপর গত রোববার রাতে মিজানুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে আক্কেলপুর উপজেলা বিএনপি। গতকাল সোমবার এলাকায় মাইকিং করে তাঁর বহিষ্কারের বিষয়টি প্রচার করা হয়। এরপর মিজানুর রহমান বাড়ি থেকে তাঁর মালামাল সরিয়ে নেন।

বাড়িটি দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বেলাল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, ‘এখন মিজানুর রহমান মালামাল সরিয়ে নেওয়ায় বাড়িটি দখলমুক্ত হয়েছে। আমি বাড়িতে এসেছি। মিজানুর রহমানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে।’