গুলি ছুড়েও রেহাই মিলছে না, বনকর্মীদের ওপর কেন এত হামলা
অবৈধভাবে কাটা কাঠবোঝাই একটি গাড়ি জব্দ করে ফিরছিলেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পাহাড়ি পথের ঢাল বেয়ে গাড়িটি ওপরে উঠতেই পথ আটকে দাঁড়ায় একদল লোক। গাড়ি কাছাকাছি আসামাত্র শুরু হয় অতর্কিত হামলা। মাথা লক্ষ্য করে আসা আঘাত হাত দিয়ে ঠেকাতে গিয়ে রেঞ্জ কর্মকর্তা আবীর হাসানের কনুইয়ের হাড় ভেঙে যায়। গুরুতর আহত হন আরও তিন বনকর্মী। হামলা এতটাই আকস্মিক ছিল যে আত্মরক্ষায় গুলি ছোড়ার সুযোগও পাননি তাঁরা।
ঘটনাটি ২০২৫ সালের ২৮ মার্চ রাতে বান্দরবানের লামার সাতগড় বন বিট এলাকায়। আবীর হাসান প্রথম আলোকে বলেন, ‘আমাদের গাড়ি ঢাল বেয়ে ওপরে উঠছিল। হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে অপেক্ষা করছিলেন। গাড়ি কাছাকাছি আসতেই হামলা করেন। আমার মাথা লক্ষ্য করে আঘাত করেছিলেন। হাত দিয়ে ঠেকাতে গিয়ে কনুইয়ের হাড় ভেঙে যায়। আঘাতটা মাথায় লাগলে প্রাণও যেতে পারত।’
গত পাঁচ বছরে বনভূমি উদ্ধার, পাহাড় কাটা ও গাছ পাচার বন্ধে দুই বিভাগ অন্তত ৫৫০টি অভিযান চালিয়েছে। দক্ষিণ বন বিভাগের ৩০০ অভিযানের প্রায় ৩০টিতে আত্মরক্ষা ও হামলা প্রতিরোধে প্রায় ১০০টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। উত্তর বন বিভাগের ২৫০টি অভিযানের ২০ থেকে ২৫টিতে ছোড়া হয়েছে অন্তত ৬০টি গুলি।
আবীর হাসান জানান, হামলায় চার বনকর্মী গুরুতর আহত হন। দুজনের হাতের হাড় ভেঙে যায়। তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। ঘটনার চার মাসের বেশি সময় পর লামা থানায় মামলা করেন তিনি।
বনকর্মীদের ওপর এমন হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বন বিভাগের হিসাবে, গত পাঁচ বছরে বনভূমি উদ্ধার ও অবৈধভাবে কাটা গাছ জব্দ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন অন্তত ২৫ বনকর্মী; দক্ষিণে ১৫ ও উত্তরে ১০ জন। হামলার ঘটনায় দুই বিভাগে ১৩টি মামলা ও ১০টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তবে এসব ঘটনায় হামলাকারীদের শাস্তি হওয়ার নজির নেই বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।
বন বিভাগের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে বনভূমি উদ্ধার, পাহাড় কাটা ও গাছ পাচার বন্ধে দুই বিভাগ অন্তত ৫৫০টি অভিযান চালিয়েছে। দক্ষিণ বন বিভাগের ৩০০ অভিযানের প্রায় ৩০টিতে আত্মরক্ষা ও হামলা প্রতিরোধে প্রায় ১০০টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। উত্তর বন বিভাগের ২৫০টি অভিযানের ২০ থেকে ২৫টিতে ছোড়া হয়েছে অন্তত ৬০টি গুলি। উত্তর বন বিভাগে সবচেয়ে বেশি হামলা হয়েছে নারায়ণহাট রেঞ্জে।
সর্বশেষ রাঙ্গুনিয়ায় রেঞ্জ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বনকর্মীদের নিরাপত্তার সংকট নতুন করে সামনে এসেছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কখনো গুলি ছুড়তে হচ্ছে, আবার কখনো আত্মরক্ষার সুযোগ পাওয়ার আগেই গুরুতর আহত হচ্ছেন তাঁরা। অতীতে হামলায় প্রাণহানিও ঘটেছে। এরপরও হামলার পুনরাবৃত্তি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় বনভূমি উদ্ধার অভিযানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
হামলায় বনকর্মীদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি হচ্ছে। এতে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। প্রাণ বাঁচাতে কখনো গুলিও ছুড়তে হয়।
রেঞ্জ কর্মকর্তাকে হত্যাচেষ্টার অভিযোগ
গত ১৫ অক্টোবর রাঙ্গুনিয়ার কোদালা বন বিটে বনভূমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন। চার দিন পর আদালতে দাখিল করা অভিযোগে তিনি জানান, ভূমি প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে ২০০-৩০০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, মেহরাজ উদ্দীনকে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে গলা চেপে শ্বাসরোধের চেষ্টা করা হয়। অন্য বনকর্মীদেরও মারধর করা হয়। ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। মেহরাজ উদ্দীন প্রথম আলোকে বলেন, হামলাকারীরা কোনো কথা শুনতে রাজি হননি। কয়েকজন এসে কিল-ঘুষি দেন। পরে কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
পুলিশের উপস্থিতিতেও হামলা
২০২৫ সালের ৯ ডিসেম্বর রাঙ্গুনিয়ার পূর্ব খুরুশিয়ার ভোলাটিলা এলাকায় বনভূমিতে নির্মিত ঘর উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পড়েন বনকর্মীরা। অভিযানে অংশ নেওয়া তৎকালীন সহকারী রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশের উপস্থিতিতে পাঁচ থেকে সাতজন লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। একজন বনকর্মী আহত হন। পরিস্থিতি সামাল দিতে ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। মনিরুজ্জামান জানান, অভিযুক্ত ব্যক্তিদের আটক করে আদালতে পাঠানো হয়। পরে তাঁরা জামিন পান। মামলার রায় হয়নি।
চলতি বছরের মে মাসে খুরুশিয়ার আরেকটি উচ্ছেদ অভিযানে বনকর্মীদের সঙ্গে পুলিশ সদস্যও আহত হন। হামলাকারীদের সরাতে চারটি ফাঁকা গুলি ছোড়া হয়। গত ডিসেম্বরে চন্দনাইশের দোহাজারী রেঞ্জেও উচ্ছেদ অভিযানে হামলার পর কয়েকটি গুলি ছুড়তে হয়।
চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো প্রথম আলোকে বলেন, বনভূমি উদ্ধারে গিয়ে বনকর্মীরা বারবার আক্রান্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে জবরদখলকারীরা নিজেরা সামনে না এসে অন্যদের উসকে দেন। হামলায় বনকর্মীদের মধ্যে ভয় ও মানসিক চাপ তৈরি হচ্ছে। এতে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। প্রাণ বাঁচাতে কখনো গুলিও ছুড়তে হয়।
২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ফটিকছড়ির ভুজপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে হামলায় নিহত হন বন বিভাগের বাগান মালি মোহাম্মদ আবদুস সালাম (৫২)। আহত হন আরও চার বনকর্মী। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে। বন বিভাগের তথ্য অনুযায়ী, মামলাটি এখনো বিচারাধীন।
এর আগে ২০০০ সালের ২৩ এপ্রিল উত্তর বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের দাঁতমারা বিটে জবরদখলকারীদের হামলায় নিহত হন বনকর্মী সুনীল কান্তি দাস। তবে গত পাঁচ বছরে দুই বিভাগে ২৫ বনকর্মী আহত হলেও কেউ নিহত হননি।
মামলা হচ্ছে, বিচারের অপেক্ষা
উত্তর বন বিভাগে গত পাঁচ বছরে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় ১০টি মামলা ও ৫টি জিডি হয়েছে। দক্ষিণে ৩টি মামলা ও ৫টি জিডি। তবে এসব ঘটনায় হামলাকারীদের শাস্তি হওয়ার কোনো নজির জানাতে পারেননি কর্মকর্তারা।
বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, বিচারপ্রক্রিয়া দীর্ঘ হওয়ায় দ্রুত বিচার পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে আসামিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন। ফলে প্রত্যাশিত সময়ে মামলার নিষ্পত্তি হয় না। এখনো কোনো মামলার রায় হয়নি।
বনকর্মীদের নিরাপত্তার ক্ষেত্রেও সীমাবদ্ধতার কথা জানান মিহির কুমার দো। তিনি বলেন, বড় অভিযানে সাধারণত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহায়তা নেওয়া হয়। কিন্তু ছোট অভিযানগুলো অনেক সময় বনকর্মীদের নিজেদেরই পরিচালনা করতে হয়। দুর্গম এলাকায় সব সময় পুলিশ পাওয়া যায় না। আগে সহজে করা যেত, এমন অভিযানও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
বন বিভাগ বলছে, তাদের জনবল, যানবাহন ও সরঞ্জামের ঘাটতি রয়েছে। অনেক বনকর্মী ব্যক্তিগত মোটরসাইকেলে অভিযানে যান। নিরাপত্তা নিশ্চিতে জনবল ও সরঞ্জাম বৃদ্ধি, ঝুঁকি ভাতা চালু এবং পুলিশ-প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।
বেদখলে প্রায় ১৫ হাজার একর বনভূমি
দক্ষিণ বন বিভাগের সর্বশেষ হিসাবে, চিহ্নিত ১৫ হাজার ৫১০ একর জবরদখল করা বনভূমির মধ্যে ৭ হাজার ৬২৮ একর উদ্ধার করা হয়েছে। এখনো বেদখলে রয়েছে ৭ হাজার ৮৮২ একর। উত্তর বন বিভাগের হিসাবে, বেদখলে রয়েছে আরও ৬ হাজার ৮৫৪ একর। দুই বিভাগের হিসাবে, এখনো প্রায় ১৪ হাজার ৭৩৬ একর বনভূমি জবরদখলে রয়েছে। এসব জমিতে ঘরবাড়ি, হাটবাজারসহ নানা স্থাপনা গড়ে উঠেছে।
সম্প্রতি রাঙ্গুনিয়ার দক্ষিণ নিশ্চিন্তপুরে দেখা যায়, বনের জমি দখল করে পাহাড় কেটে গড়ে উঠছে একের পর এক বসতি। স্থানীয় বাসিন্দারা এসব স্থাপনা নির্মাণে প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ করলেও কারও নাম প্রকাশ করতে রাজি হননি।
বনকর্মীদের ওপর হামলার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন প্রথম আলোকে বলেন, বনভূমি উদ্ধার করতে গিয়ে বনকর্মীদের বারবার আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আগাম সমন্বয় করে অভিযান চালানো জরুরি। এতে সংঘাত ও হামলার ঝুঁকি কমবে।