‘স্বামীর একার কামাই দিয়ে সংসার কুল্যায় না’

ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা মোনতোলার চর থেকে কাশফুলের খড়কুটা কুড়িয়ে মাথায় করে জোড়গাছ বাজারে আনছেন দুই নারীছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী-সন্তান নিয়ে বাচ্চু দাসের চারজনের সংসার। পেশায় জেলে হলেও নিজস্ব জাল ও নৌকা নেই বাচ্চুর। অন্যের নৌকায় কাজ করে দিনে ২০০ টাকা পান তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ২০০ টাকায় সংসার চলে না তাঁর। অভাবের সংসারে বাধ্য হয়ে ব্রহ্মপুত্র চরে খড়ি কুড়ান তাঁর স্ত্রী লতা রানী দাস (৩০)। খড়কুটা কুড়িয়ে যে আয় হয়, সেটা দিয়ে স্বামীকে সহযোগিতা করেন তিনি।

লতা রানীর বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার দারিদ্র্যপীড়িত বাসন্তী গ্রামে। প্রতিবছর বন্যার পর ব্রহ্মপুত্রের তীরে অনেক খড়কুটা ভেসে আসে। পাশাপাশি সেখানে কাশফুল জন্মায়। বর্ষা শেষে ব্রহ্মপুত্রে চর জেগে উঠলে ওই কাশফুলের খড়ি কুড়াতে যান অনেক নারী। খড়ি বিক্রি করে তাঁদের ১২০–২০০ টাকা আয় হয়।

লতা রানী চরে খড়ি কুড়াতে এসেছেন। কথায় কথায় লতা রানী জানালেন, তাঁর দুই সন্তান। বড় মেয়ে প্রথম শ্রেণিতে পড়ে আর ছেলের বয়স দুই। স্বামী বাচ্চু জেলে হলেও নিজের জাল ও নৌকা নেই। অন্যের নৌকায় বেগার খাটেন। খড়কুটা কুড়াতে কুড়াতে লতা রানী বললেন, ‘স্বামীর একা কামাই দিয়া আর সংসারের খরচ কুল্যায় না। হামরা গরিব মানুষ, অভাবে স্বভাব নষ্ট। দুধের ছাওয়াক বাসাত থুইয়ে খড়ি কুড়বার আসছি।’

পানি ছাড়া সব কিনে খেতে হয় উল্লেখ করে লতা রানী প্রথম আলোকে বলেন, ‘বাজারে জিনিসপাতির দামে আগুন। ছাওয়াক যে একনা ভালো-মন্দ খাওয়ামো তা–ও পাই না। হামার স্বামী সারা দিন মাছ মারে, অথচ হামার ছাওয়া মাছ চোখে দেখে না। স্বামীক একনা হেলেপ করার জন্য খড়ি কুড়বার আসছি।’

লতা রানীর মতো বুলবুলি বালার (৪৫) ছয়জনের সংসার। স্বামী বলাই দাস গানবাজনা ছাড়া কাজকর্ম করেন না। কোথাও অনুষ্ঠানের ডাক পেলে কিছু টাকা পান। কিন্তু তা দিয়ে সংসার চলে না। বাধ্য হয়ে ব্রহ্মপুত্রের চরে খড়ি কুড়ান বুলবুলি। বন্যার সময় তিনি অন্যের বাড়িতে কাজ করেন।

বুলবুলি বালা প্রথম আলোকে বলেন, ‘হামার স্বামী সংসার সম্পর্কে উদাসীন। অভাবের সংসারে ছাওয়া–পোয়াক নিয়ে খুব কষ্টে থাকি। বছরের প্রায় সময় বাড়িত ভাত থাকে না। তখন ছাওয়া–পোয়াক শ্বশুরবাড়িত থুইয়ে বাবার বাড়িত যাই। কিছুদিন মানষের বাড়িত কামকাজ করি কয়টা ট্যাকা জমলে ফিরি আসি। বানের সময় নদীর পাড়ত ভাসি আসা খড়ি ও খড়কুটা কুড়ায় বাজারত বেচাই।’

বুলবুলি বলতে থাকেন, ‘এল্যা বাজারে জিনিসপাতির দাম বাড়ছে, সগারে (সবার) ঘরে অভাব, সগাই (সবার) চরে খড়কুটা কুড়বার যায়। আগের মতোন আর খড়ি পাওয়া যায় না। আগে সারা দিন খড়ি কুড়ালে ৩০০ ট্যাকার বেশি খড়ি পাইছিলং। এখন খড়ির দাম বাড়লেও সারা দিনে খড়ি কুড়ি বেচাইলেও ২০০ ট্যাকার বেশি হয় না। অভাব-অনটনে খড়ি বিক্রির ট্যাকায় কোনোমতে দিন চলি যায়।’

সম্প্রতি চিলমারীর জোড়গাছ ঘাট থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদের তীরে গিয়ে দেখা গেছে, বুলবুলিসহ আরও কয়েকজন নারী চরে খড়ি কুড়াচ্ছেন।

চিলমারীতে দারিদ্র্যবিমোচন নিয়ে কাজ করে বেসরকারি সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। সংস্থাটির প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিলমারীর দরিদ্র কৃষকদের স্বাবলম্বী করতে বন্যা-পরবর্তী ভাসমান বীজতলা প্রস্তুতের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁরা সবজির বীজ বিতরণ করে থাকেন। এ ছাড়া চিলমারীর আটটি চরে দরিদ্র সুবিধাভোগী বাছাই করে তাঁদের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করেছেন। প্রকল্পের মাঠকর্মীরা এসব চরের বাসিন্দাদের কৃষি পরামর্শসহ আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, জোড়গাছ বাজার ও বাসন্তী গ্রামের অধিকাংশ মানুষের জমি ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে গেছে। কৃষিজমির অভাবে তাঁদের সংসারে দারিদ্র্য আছে। তা ছাড়া সেখানকার অধিকাংশ মানুষ জেলে পরিবারের সদস্য। তাঁরা অন্য পেশায় যেতে চান না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের মাছ ধরার জালসহ বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছেন।

মাহবুবুর রহমান আরও বলেন, জেলে পরিবারের বাইরে অন্য পরিবারগুলোকে স্বাবলম্বী করতে ভেড়া দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাস যেতে না যেতেই তাঁরা অভাবের তাড়নায় সেগুলো বিক্রি করে ফেলেন। এ ছাড়া গ্রামের দরিদ্র মানুষকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর দেওয়া হয়েছে। তাঁদের কর্মসংস্থানের বিষয়টি নিয়েও প্রশাসন ভাবছে।