নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ট্রাকচাপায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুড়ি দশপাইপ এলাকায়।ছবি : প্রথম আলো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টায় জালকুঁড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিকান্দি গ্রামের নান্নু খন্দকারের ছেলে আবদুল কাদের জিলানী (২৭) এবং পটুয়াখালীর দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মাসুম খান (২৮)।

আবদুল কাদের জিলানী ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং মাসুম খান নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেলে ছাত্রদলের সাবেক নেতা আবদুল কাদের জিলানী ও যুবদল নেতা মাসুম খান যাচ্ছিলেন। একই সময়ে তাদের পাশ দিয়ে সিটি করপোরেশনের বর্জ্য পরিবহনকারী একটি ট্রাক যাচ্ছিল। সোয়া ছয়টার দিকে দশপাইপ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকচাপায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম প্রথম আলোকে বলেন, ট্রাক ও মোটরসাইকেলটি একই দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে একজন নিচে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তাঁর কোমরের ওপর দিয়ে চলে যায়। অপরজনও নিচে পড়ে গেলে ট্রাকের চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে দুজনই নিহত হন।

এসআই শাহ্ আলম আরও বলেন, ট্রাকটি সিটি করপোরেশনের ভাড়ায় পরিচালিত হচ্ছিল। ঈদুল আজহা উপলক্ষে বর্জ্য অপসারণের কাজে ট্রাকটি ভাড়া করা হয়েছিল বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। প্রথম আলোকে তিনি বলেন, নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।