কুমিল্লায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া আইনজীবীসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার ভুয়া আইনজীবী ও তাঁর শ্যালক। সোমবার নগরের শাকতলক র‍্যাব কার্যালয়ে
ছবি: প্রথম আলো

কুমিল্লায় বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে বেশ কয়েকজন শিক্ষানবিশ আইনজীবীর কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার বেলা ১১টার দিকে র‍্যাবের কুমিল্লা নগরের শাকতলা দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব–১১–এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার মো. এহতেশামুল হক ওরফে নোমান (৩৪) ও তাঁর শ্যালক কুমিল্লার বুড়িচং উপজেলার বাহেরচর গ্রামের জাহিদ হাসান ভূঁইয়া (২৫)।

গতকাল রোববার দিবাগত মধ্যরাতে র‍্যাব-১১ কুমিল্লার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২–এর সদস্যরা নগরের ধর্মসাগরপাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় প্রতারণার মামলা হয়েছে। র‍্যাবের কুমিল্লা নগরের শাকতলা দপ্তরে অভিযুক্ত মো. এহতেশামুল হক বলেন, ‘ব্যক্তিজীবনের হতাশা থেকে এই কাজ করেছি। আমি অনুতপ্ত।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এহতেশামুল হক ২০১৪ সালে এক ব্যক্তির মাধ্যমে তিন লাখ টাকার বিনিময়ে আইন বিষয়ে স্নাতক পাসের একটি সনদ সংগ্রহ করেন। এরপর ২০১৫ সালে কুমিল্লা আইনজীবী সমিতির এক সদস্যের অধীনে কাজ শুরু করেন। ২০১৬ সালে তিনি পায়ের ব্যথায় ছয় মাস অসুস্থ ছিলেন। সুস্থ হওয়ার পর ওই আইনজীবীর কাছে গেলে, তিনি আর তাঁকে নেননি। পরে ২০১৭ সালে এহতেশাম আরেকজন আইনজীবীর অধীনে কাজ শুরু করেন। ওই বছর এবং ২০২১ সালে দুবার বাংলাদেশ বার কাউন্সিলে সদস্যপদ পাওয়ার জন্য পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন তিনি।

২০২২ সালে এহতেশামুল হক নিজেকে আইনজীবী ও মানবাধিকারকর্মী পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করেন। ওই সময়ে রেজাউল করিম খান নামের এক শিক্ষানবিশ আইনজীবীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তখন তাঁকে অবৈধভাবে বার কাউন্সিলের পরীক্ষার পাস করিয়ে দেওয়ার প্রস্তাব দেন এহতেশামুল হক। একপর্যায়ে রেজাউল ও তাঁর কয়েকজন বন্ধু মিলে তাঁকে ৬ লাখ ৪০ হাজার টাকা দেন।

তাঁদের মধ্যে দুজন নিজেদের যোগ্যতায় বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হন। এই খবর জানাজানি হলে আরও ১৭ জন শিক্ষানবিশ আইনজীবী তাঁকে ১৫ লাখ ৫০ হাজার টাকা দেন। তাঁদের মধ্যে একজন উত্তীর্ণ হন। পরে এভাবে আরও ২২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেন তিনি। কিন্তু টাকা দেওয়া শিক্ষনবিশ আইনজীবীদের কেউ পরীক্ষায় উত্তীর্ণ হননি।

পরে টাকা ফেরত চেয়ে তাঁকে চাপ দিতে থাকেন রেজাউল করিম খান। একপর্যায়ে মো. এহতেশামুল হক তাঁর শ্যালক জাহিদ হাসান ভূঁইয়াকে বার কাউন্সিলের লোক বলে পরিচয় করিয়ে দেন এবং বলেন, তিনি সব ঠিক করে দেবেন। এতেও কোনো কাজ না হওয়ায় শিক্ষানবিশ আইনজীবীরা ৩ মার্চ র‍্যাবের কাছে অভিযোগ করেন। এরপর র‍্যাব মাঠপর্যায়ে ছায়াতদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে এহতেশামুল ও তাঁর শ্যালক জাহিদকে আটক করা হয়।