ভোটের জন্য বাসের দাবি, মূল ফটকে তালা দিল চাকসু

শিক্ষার্থীদের বাড়িতে যাওয়ার জন্য বাস দেওয়ার দাবিতে মূল ফটকে তালা দিয়েছে চাকসু। আজ বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েছবি: প্রথম আলো

ভোট দিতে বাড়ি যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাস দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটায় এ তালা দেওয়া হয়। চাকসুর নেতাদের দাবি, শিক্ষার্থীরা ভোট দিতে বাড়ি যেতে চান। কিন্তু প্রশাসন যাতায়াতের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই তাঁরা তালা দিয়েছেন।

তালা দেওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা ভোট দিতে আগ্রহী হলেও টিকিট না পেয়ে ফিরে এসেছেন। আমরা শিক্ষার্থীদের জন্য প্রশাসনের কাছ থেকে ১৯টি বাস ও একটি ট্রেন বুকিং করতে ৯ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু উপাচার্য কোনো সহায়তা করতে রাজি হননি।’

সোহানুর রহমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। এটি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেনের দুটি বগি বুকিং দেওয়া হয়েছে। তবে এটি পর্যাপ্ত নয়। শিক্ষার্থীরা ভোট দিতে আগ্রহী। তাঁরা বাড়ি যেতে চান। এ কারণে তাঁরা বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ বাস বরাদ্দ দেওয়ার দাবিতে তালা দিয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। ইতিমধ্যে ভোট দিতে অনেক শিক্ষার্থী বাড়ি গেছেন। তবে কেউ কেউ যাতায়াত ও আর্থিক সংকটে ক্যাম্পাসেই রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিলেও এতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে না। চাকসু নেতাদের এসব অভিযোগের বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের মুঠোফোনে কল করা হয়। তবে তিনি রিসিভ করেননি। পরে আবার সহ–উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিনের মুঠোফোনে কল করা হলে তিনিও রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি এ বিষয়ে জানেন না। জেনে এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।