পানির সঙ্গে বাড়ছে ভাঙন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তা নদীতে পানি বাড়ছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আগেই আশ্রয়ের জন্য বাঁধে ঘর তুলছেন এক ব্যক্তি। গতকাল রংপুরের গঙ্গাচড়ার পশ্চিম ইচলি এলাকায়
ছবি: প্রথম আলো

বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ধরলা, তিস্তা, দুধকুমার, গাঙ্গাধর, ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে থাকলেও কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৩২ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। 

এদিকে তিস্তা নদী-তীরবর্তী রংপুরের গঙ্গাচড়া উপজেলার পাঁচ ইউনিয়নের চরাঞ্চলের মানুষদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। পানিবন্দী হওয়ার আশঙ্কায় নিরাপদ স্থানে যেতে প্রস্তুতিও নিচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর কার্যালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার বেলা একটায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। উজানে ভারী বৃষ্টি হওয়ায় তিস্তায় পানি বেড়ে কাল (আজ) সকালের মধ্যে বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। তিস্তা ছাড়াও ধরলা ও দুধকুমার নদের পানি অব্যাহতভাবে বাড়তে পারে।

গত সোম ও গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারী উপজেলার নায়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর, নয়ারচর বাজার গ্রাম, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের বতুয়াতলী, মশালের চর, কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চর, ভগবতীপুর, প্রথম আলো চর, চর রাউলিয়া এবং নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের গরুভাসার চর, কাঠগিরি, বল্লভেরখাস ইউনিয়নের কৃষ্ণপুর চরে গিয়ে নদ-নদীর ভাঙন দেখা যায়। কেউ নৌকায় করে ঘরবাড়ি অন্যত্র নিয়ে যাচ্ছেন। বসতবাড়ি ভেঙে যাওয়ায় কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

পাউবোর কুড়িগ্রাম কার্যালয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার অর্ধশতাধিক নদ-নদীর মধ্যে ৩০২ কিলোমিটার নদ-নদীর পাড় রয়েছে। ২০ দশমিক ৫৭ কিলোমিটার নদ-নদীর পাড় স্থায়ীভাবে তীর রক্ষা প্রকল্পের মাধ্যমে বাঁধা হয়েছে। ২৮১ দশমিক ৪৩ কিলোমিটার পাড় অরক্ষিত রয়েছে। বর্তমানে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ৩২ কিলোমিটার পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরের বাসিন্দা আবদুস সোবাহানের তথ্যমতে, গত সাত দিনে প্রথম আলো চর, চর রাউলিয়া, রসুলপুরের অর্ধশতাধিক বাড়ি নদীতে বিলীন হয়েছে। তিনি বলেন, ‘এ্যালা বানের (বন্যা) সময়। চরের সব জায়গায় পানি উঠছে। মনে করছিলাম, বান শুকায় গেলে তারপর বাড়ি ভাঙমো, কিন্তু ভাঙন জন্যে টেকায় গেল না। কাল বাড়ি থাকি ২০০ গজ দূরে নদী আছিল। আজ (গতকাল) নদী বাড়ি ভেঙে নিল। ঘরের চালা খুলে অন্য মানষের বাড়িত পালা দিয়ে থুইছি। হামরা যায়া মেয়ের শ্বশুরবাড়িত আশ্রয় নিলাম। বান শুকাইলে জায়গা খুঁজি বাড়ি করা নাগবে।’ 

পাউবোর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ভাঙনকবলিত এলাকার গুরুত্ব বিবেচনায় তিন কিলোমিটার এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে। 

গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের পশ্চিম ইছলি গ্রামের দুদু মিয়া (৪৫) ইতিমধ্যে বাঁধের ওপর নতুন করে ঘর নির্মাণ শুরু করেছেন। স্ত্রীসহ তাঁর পাঁচজনের সংসার। দুদু মিয়া বলেন, ‘গেল (সোমবার) রাইতোত বাড়ির আঙিনাত পানি উঠছিল। সকাল হইতে সেই পানি নামি (নেমে) গেইছে। ফির পানির ঢল আসবে। তাই কষ্ট করার আগোত বাঁধোত ঘর করতোছি।’

বাঁধের ওপর কথা হয় ইছলি গ্রামের নূরুল হুদার সঙ্গে। তিনি বলেন, ‘আগোত বন্যা হইতো একবার। গত বছর থাকি দেখিছে (দেখি) কয়েকবার পানি বাড়ে আর কমে। এই জন্যে হামার চরের মানুষের খুব কষ্ট হইছে। এবার পানি ওঠার অগোতে (আগে) আইসা লাগবে বাঁধোত (বাঁধ)।’ একই এলাকার আলীমউদ্দিন (৬০) বাঁধের মধ্যে জায়গা ঠিক করতে এসেছেন। গত বছর কয়েক দফা তাঁর বাড়িতে বন্যার পানি উঠেছিল। তিনি বলেন, ‘বাঁধোত আসিয়া আশ্রয় নেওয়া লাগবে। তাই জায়গা দেখপার আসছি।’

পাশের বাগেরহাট চরাঞ্চলের মানুষেরাও নিরাপদ আশ্রয়ের প্রস্তুতি নিচ্ছেন। চরের বাসিন্দা মোস্তাফিজার রহমান জানান, গত রাতে হঠাৎ নদীর পানি বেড়ে তাঁদের বাড়িতে ওঠে। সেই পানি সকালের মধ্যে নেমেও যায়। আবার রাতে পানি বাড়ার কথা জানিয়েছেন চেয়ারম্যান। তাঁরা নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা, উত্তর চিলাখাল, সাউথপাড়া, মটুকপুর; গজঘণ্টা ইউনিয়নের ছালাপাক, মহিষাসুর, রমাকান্ত, আলালচর, জয়দেব এলাকা এবং নোহালী ও আলমবিদিত ইউনিয়নের বাসিন্দারাও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানরা জানিয়েছেন।

পাউবোর রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব বলেন, ভারতের পাহাড়ি ঢল নামতে শুরু করেছে। তিস্তায় পানি বেড়ে যেতে পারে। স্রোতের¯কারণে নিয়মানুযায়ী তিস্তা ব্যারাজের সব কটি (৪৪) জলকপাট খুলে দেওয়া হয়েছে।