ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট যাতে না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সকালেছবি-প্রথম আলো

ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গণপরিবহন খাতে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ঈদের আগে ও পরে পরিবহন যেন জ্বালানি–সংকটে না পড়ে, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গলাচিপা উপজেলার রামনাবাদ নদে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে এ কথা বলেন সেতুমন্ত্রী রবিউল আলম। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, রামনাবাদ সেতুর চুক্তিমূল্য ১৬৪ কোটি ৪ লাখ ৮২ হাজার ১৫৮ টাকা এবং প্রকল্পটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর। এই সেতু চালু হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেতুমন্ত্রী আশা প্রকাশ করেন।

রবিউল আলম জানান, বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি–সংকট বিরাজ করছে। অনেক উন্নত দেশও কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। তবুও সরকার জনগণের কথা বিবেচনায় নিয়ে জ্বালানি–সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গলাচিপা উপজেলার বন্যাতলী-চরকাজল তেঁতুলিয়া নদীতে ‘সি-ট্রাক’ চালুর বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রী রবিউল আলম জানান, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে ডিও লেটার পাওয়া গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি বলেন, ‘সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফ, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।