সরকার একদলীয় নির্বাচন করার পাঁয়তারা করছে

সিলেট জেলা বিএনপির উদ্যোগে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে দোয়া মাহফিল। আজ মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

সরকার একদলীয় নির্বাচন করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন সিলেট বিএনপির নেতারা। আজ মঙ্গলবার দুপুরে নগরের হজরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে বক্তারা এমন অভিযোগ করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে দোয়া মাহফিল ও শিরনি বিতরণের আগে এক সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

আবদুল কাইয়ুম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি নিজেই এখন মানবিক অধিকার থেকে বঞ্চিত। সরকার এখন পুলিশ দিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করছে। তবে বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। অচিরেই এই সরকারকে বিদায় নিতে হবে।

কর্মসূচিতে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির নেতা আশিক উদ্দিন আহমদ, মাহবুবুর রব চৌধুরী, শামীম আহমদ, ইশতিয়াক সিদ্দিকী, সিদ্দিকুর রহমান, মাহবুবুল হক চৌধুরী, মো. শাহাব উদ্দিন, আবুল কাশেম, এ কে এম তারেক কালাম, কামরুল হাসান, সুরমান আলী, মাহবুব আলম, কোহিনুর আহমদ, আজিজুর রহমান, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন জায়গীরদার, তাজরুল ইসলাম, ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, আখতার হোসেন, মহসিন আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।