থাকার ঘরের বিছানায় গৃহবধূর লাশ, সন্তানসহ স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃতদেহ
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় থাকার ঘরের বিছানা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর সন্তানসহ স্বামী পলাতক।

লাশ উদ্ধার হওয়া গৃহবধূর নাম নার্গিস আক্তার (২৩)। তিনি গাজীপুর সদর উপজেলার মজলিশপুর গ্রামের হৃদয় মিয়ার (২৮) স্ত্রী। নিহত নার্গিস একই গ্রামের মজনু মিয়ার মেয়ে।

নিহত গৃহবধূর স্বজন মো. সজিব মিয়া বলেন, হৃদয় মিয়া শ্বশুরবাড়িতেই থাকেন। নার্গিসের মা বিনা আক্তার শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার একটি ক্লিনিকে নার্সের চাকরি করেন। রাতের দায়িত্ব পালন শেষে আজ সকাল ৯টার দিকে তিনি বাড়িতে ফেরেন। নার্গিস ও হৃদয়ের থাকার ঘরের দরজা বাইরে থেকে সিটকিনি লাগানো দেখতে পান তিনি। সিটকিনি খুলে ভেতরে ঢুকে তিনি বিছানায় নার্গিসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে এ সময় হৃদয় ও তাঁর চার বছর বয়সী মেয়ে মরিয়ম ঘরে ছিলেন না। বিনা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন এসে অচেতন অবস্থায় নার্গিসকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত গৃহবধূর স্বজন আসমা বেগম বলেন, ঘটনার পর থেকে হৃদয়ের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে অনেক মানুষের ভিড় দেখা যায়। সেখানে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিমসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। বাড়ির একটি কক্ষে আহাজারি করতে দেখা যায় নিহত নার্গিসের মা বিনা আক্তারকে। তিনি বারবার বলছিলেন, ‘আমার মেয়েডারে মাইরা ফালাইছে। কেমনে মারতে পারল? মাইরা সে (স্বামী) পালায়া গেছে।’

ঘটনাস্থলে আলাপকালে শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, মনে হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে তাঁর স্বামী আত্মগোপন করেছেন। লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত গৃহবধূর স্বামীর খোঁজ করা হচ্ছে।