‘হিরো আলমই হামাকেরে এমপি’
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনের ফলাফল মেনে নিতে পারছেন না অনেক ভোটার। ফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানাচ্ছেন তাঁরা। গতকাল শুক্রবার কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার নানা শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলে এমন প্রতিক্রিয়া পাওয়া গেছে।
গত বুধবারের এ উপনির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। ক্ষুদ্ধ ও হতাশ ভোটারদের সান্ত্বনা দিতে হিরো আলম আজ শনিবার সকালে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন। এর আগে গতকাল দিনভর তিনি কাহালু উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ ভোটারদের সান্ত্বনা দেন। এ সময় হিরো আলমের কাছে অনেক ভোটার তাঁদের ক্ষোভের কথা জানান।
কাহালু উপজেলার মুরইল বাজারের ভোটার আনসার আলী সরদার প্রথম আলোকে বলেন, ‘এই ইলেকশনত ১ শতাংশ ভোটও পড়ত না। হিরো আলমের জন্যি সগলি কেন্দ্রত গেচি, একতারায় ভোট দিচি। এক সেন্টারত অন্যদের মার্কাত ১০-১৫ ডা ভোটও পড়েনি। হামরা সগলি হিরো আলমকে গণহারে ভোট দিচি। হামাকেরে সেই ভোট গেল কই? ইভিএমে দুই নম্বরি করে হিরো আলমকে হারিয়ে দেওয়া হচে। এই দুই নম্বরি ফল হামরা মানি না। হিরো আলমই হামাকেরে এমপি (সংসদ সদস্য)।’
আনসার আলীর কথার সঙ্গে একমত পোষণ করে মুরইল গ্রামের আরেক ভোটার শহিদুল ইসলাম বলেন, ‘খুব কষ্ট হচ্চে। শখ করে সেন্টারত যায়্যা ছলডাক ভোট দিনু। সেই ভোটটা চুরি হয়্যা গেল। জীবনে আর ভোট দিবার সেন্টারত যামু না।’
নির্বাচনে পরাজয়ের পর হিরো আলম অভিযোগ করেছিলেন, ভোট গ্রহণ সুষ্ঠু হলেও ভোটের ফল পাল্টানো হয়েছে। কাহালু উপজেলার ভোটারদের বক্তব্যেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
তবে ফল পাল্টানোর এই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। এদিকে নির্বাচন কমিশনারের এমন মন্তব্যকে চ্যালেঞ্জ করে গতকাল হিরো আলম বলেন, ‘আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বুকের পাটা থাকলে গণভোট দিন। জনগণ সব বাটপারি প্রমাণ করে দেবে।’ গতকাল স্থানীয় লোকজনের সঙ্গে আলাপের সময় একাধিক ভোটার হিরো আলমের গণভোটের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
আজ সকালে দ্বিতীয় দিনের মতো ভোটারদের সঙ্গে দেখা করতে বেরিয়েছেন হিরো আলম। সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সান্ত্বনা দিচ্ছেন তিনি। এ সময় হিরো আলম ভোটারদের উদ্দেশে বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। উপনির্বাচনে প্রমাণিত হয়েছে, সরকারের বাইরে গিয়ে কোনো কিছু করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।
ইভিএমে ভোট গ্রহণের সমালোচনা করে হিরো আলম, বিশ্বের অনেক দেশ ইভিএম ডাস্টবিনে ফেলে দিয়েছে। অথচ আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করতে এসব ইভিএম কুড়িয়ে এনে নির্বাচনের নামে প্রহসন করছে। এসব ইভিএম ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ১১২টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। এর মধ্যে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন এ কে এম রেজাউল করিম তানসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।