নড়িয়ায় জমিজমা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে মতিউর রহমান মুন্সি (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান মুন্সি মোক্তারের চর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের মৃত আবদুল করিম মুন্সির ছেলে। জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে মামলার পর প্রতিবেশী মৃধা পরিবারের লোকজন তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
নড়িয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মতিউর পেশায় একজন কৃষক। মাকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে থাকতেন। প্রতিবেশী ইকবাল, বাদল, বিল্লাল মৃধাদের সঙ্গে তাঁদের ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ২৩ আগস্ট অভিযুক্ত ব্যক্তিরা ওই জমি দখল করে রাতের আঁধারে ঘর নির্মাণ করেন। ওই ঘটনায় মতিউরের মা বানেজা বিবি মৃধা পরিবারের কয়েকজনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেন। মামলার পর মতিউর ও তাঁর মায়ের ওপর ক্ষুব্ধ হন তাঁরা। সম্প্রতি তাঁরা আদালত থেকে জামিন পান। তাঁদের ভয়ে মতিউর তাঁর মাকে নিয়ে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। মঙ্গলবার রাতে একটি প্রয়োজনে মতিউর বাড়িতে আসেন। আজ সকালে বসতঘরে ঢুকে তাঁকে কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার প্রথম আলোকে বলেন, মতিউর রহমান মুন্সি নামের এক যুবককে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর কারণে অনেক রক্তক্ষরণ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মতিউরের বোন বকুল আক্তার প্রথম আলোকে বলেন, ইকবাল, বাদল, বিল্লাল মৃধাসহ ১০ থেকে ২০ জন তাঁর ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে তাঁর ভাই ও মাকে হত্যার হুমকি দিচ্ছিলেন। মা ও ভাইয়ের নিরাপত্তায় তিনি সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, পুলিশের কাছে ধরনা দিয়েছেন। কিন্তু কেউ তাঁদের নিরাপত্তায় এগিয়ে আসেনি বলে তিনি অভিযোগ করেন।
মতিউরের ভাই রিপন মুন্সি বলেন, ‘ওরা আমাদের মারধর করে জমি দখল করে ঘর তুলেছে। এ জন্য আমার মা মামলা করেছিলেন। তখন তারা আরও ক্ষুব্ধ হয়। এখন জামিনে বেরিয়ে এসে আমার ভাইকে কুপিয়ে হত্যা করল। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঘটনার পর থেকে ইকবাল মৃধা, বাদল মৃধা, বিল্লাল মৃধাসহ পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে মৃধাবাড়িতে অভিযান চালানো হয়। ততক্ষণে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইকবাল, বাদল, বিল্লাল মৃধাসহ কয়েকজনের সঙ্গে মতিউরের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন।