চসিকের চলমান গৃহকর আদায় প্রক্রিয়া বন্ধের দাবি ক্যাবের
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্ধারণ করা গৃহকর বাড়ির মালিকদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ধিত গৃহকর আদায় করা হলে চাপে পড়বেন ভাড়াটিয়ারা। কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সিটি করপোরেশনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা বাড়ির মালিকদের হয়রানি করছেন। এ জন্য চলমান গৃহকর আদায় প্রক্রিয়া বন্ধ করতে হবে।
আজ রোববার এক বিবৃতিতে এই দাবি করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম নগর ও জেলা কমিটি। বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, নগর সভাপতি জেসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক অজয় মিত্র, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের মহামারি এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, ভ্যাট, করসহ নানা ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ করের ভারে জর্জরিত। এমন সময়ে গৃহকর এক ধাপে কয়েকগুণ বেশি বৃদ্ধি করার কারণে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। এতে নগরবাসীর জীবনযাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে এবং বর্তমান সরকারের জনপ্রিয়তাকে হুমকির মুখে ফেলবে। একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে ধাপে ধাপে কর বৃদ্ধি, কর মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জনবান্ধব করার দাবি জানানো হয় বিবৃতিতে।