‘খেলা হবে’ কোনোভাবেই রাজনৈতিক স্লোগান হতে পারে না: বদিউল আলম মজুমদার
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে কি সরকার, কি বিরোধী শিবির, নেতাদের মুখে মুখে এখন ‘খেলা হবে’ সুর। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের নেতারা নানা ইস্যুতে পাল্টাপাল্টি ব্যবহার করছে এই স্লোগান। তবে ‘খেলা হবে’ কোনোভাবেই একটা রাজনৈতিক স্লোগান হতে পারে না।
আজ সোমবার দুপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাগেরহাট কার্যালয়ে স্থানীয় রাজনীতিবিদ, সুশীল সমাজ ও তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা ইদানীং রাজনীতিতে একটা স্লোগান বেশ খেয়াল করছি, “খেলা হবে”, “খেলা হবে”। এটা কী খেলার কথা বলা হচ্ছে? মারপিট হবে? এটা কি “বলী খেলার” কথা বলা হচ্ছে? এ দেশের মানুষ তো সংঘাত, সহিংসতা, রক্তপাত চায় না। সবাই শান্তিতে বাঁচতে চায়।’
সুজন সম্পাদক বলেন, রাজনীতিতে বহুদিন ধরে একটা নিশ্চিহ্ন করার রাজনীতি চলে আসছে। বিরোধী দল একসময় বর্তমান ক্ষমতাসীন দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। এখন ক্ষমতাসীনেরাও বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। এই নিশ্চিহ্ন করার চেষ্টার পরিণতি কিন্তু অশুভ। এর মাধ্যমে জাতির ভবিষ্যৎ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিষয়ে সুজন সম্পাদক বলেন, ‘আমরা একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছি। এই বারুদের স্তূপে সামান্য স্ফুলিঙ্গ লাগলেই বিস্ফোরণ হবে, দাবানলের সৃষ্টি হয়ে যেতে পারে। রাজনৈতিক, ধর্মীয় এবং জাতিগত বিভেদ, বিদ্বেষ ও ঘৃণাবোধ এই বারুদের স্তূপ সৃষ্টি করেছে। যার একটা নমুনা আমরা দেখেছি গত বছর কুমিল্লাতে, যা সারা দেশে ছড়িয়েছিল। সবাই মিলে সম্প্রীতি-সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করতে হবে।’