নির্মাণ করার আট বছরেও চালু হয়নি ট্রমা সেন্টার

এই ট্রমা সেন্টারের অবস্থান ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শিবালয়ের উথলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ হওয়ায় ওই মহাসড়কে কোনো দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দিতে প্রায় আট বছর আগে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নির্মাণ করা হয়েছে ট্রমা সেন্টার। তবে এটির প্রশাসনিক অনুমোদন এখনো পাওয়া যায়নি। পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম। ফলে চালু করা যাচ্ছে না এই স্বাস্থ্য ইউনিট।

উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা। ওই মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জরুরিভিত্তিতে উপযুক্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় ট্রমা সেন্টার নির্মাণের উদ্যোগ নেয়। এই সেন্টারের অবস্থান ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শিবালয়ের উথলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে। চার তলাবিশিষ্ট ভবনের নিচতলায় করা হয়েছে ট্রমা সেন্টার। পুরো ভবন ৮ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নওরোজ মোহাম্মদ তারেক প্রথম আলোকে বলেন, চারতলা ভবনের নিচতলা শুধু ট্রমা সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। শুধু ট্রমা সেন্টারটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকায়। ২০১৫ সালের ২৫ জুন ট্রমা সেন্টারের ভবন স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, ট্রমা সেন্টারটির কোনো কার্যক্রম নেই। ভবনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। নিচতলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইএনটি ও ফার্মেসির কার্যক্রম চলছে। দোতলায় টিকিট কাউন্টার, বহির্বিভাগ ও ল্যাবের কার্যক্রম এবং তৃতীয় তলায় অস্ত্রোপচার কক্ষ এবং অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসাসহ লেবার রুম রয়েছে। এ ছাড়া চতুর্থ তলায় আছে ওয়ার্ড ও কেবিন ও হলরুম (মিলনায়তন)।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ট্রমা সেন্টারে বিশেষজ্ঞ (কনসালট্যান্ট) চিকিৎসক, অর্থোপেডিকস সার্জন, অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট), আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ নার্স এবং ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, টেকনিশিয়ান থাকার কথা রয়েছে। তবে এই ট্রমা সেন্টারে কোনো জনবলই নিয়োগ দেওয়া হয়নি। এমনকি সেন্টারে চিকিৎসার কোনো সরঞ্জামও দেওয়া হয়নি।

মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, ট্রমা সেন্টারটি নির্মাণ করা হলেও কোনো জনবল ও যন্ত্রপাতি দেওয়া হয়নি। এ কারণে এটি চালু করা যায়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

স্বাস্থ্য কর্মকর্তা ফজলে বারী প্রথম আলোকে বলেন, ট্রমা সেন্টারের দরকার আছে। ট্রমা সেন্টারটির প্রশাসনিক অনুমোদনের জন্য একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে জানানো হলেও এখনো অনুমোদন হয়নি। ট্রমা সেন্টারটিতে কতটি শয্যা রয়েছে, জনবল কত লাগবে এবং যন্ত্রপাতি কী কী লাগবে এসব বিষয়ে তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের চাহিদামতো প্রয়োজনীয় সব তথ্য পাঠানো হয়েছে।