পিরোজপুরে মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরে মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামে তানভীর আহসান (১৭) নামের এক মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের দুলাল মোল্লা (৩৮), একই উপজেলার কদমতলা গ্রামের শহিদুল ইসলাম (৪২), সাঈদুল ইসলাম (৩৯) ও মো. বেল্লাল শেখ (৩১)। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনিস শেখ ও কদমতলা গ্রামের হাফিজুল শেখকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, তানভীর আহসান পিরোজপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। ২০১৭ সালের ৬ মে রাতে তানভীর বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলে উপজেলার পোরগোলা এলাকায় ছাত্রলীগের সাংগঠনিক কাজে যায়। রাত ৯টার দিকে তানভীর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ির সেতুতে হামলার শিকার হয়। হামলাকারীরা তানভীরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তানভীরের বন্ধুরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ওই রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে তানভীরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনায় ফিরিয়ে আনা হয়। ৭ মে ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৮ মে নিহত তানভীরের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সেলিম তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার ২৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) সরদার ফারুক আহমেদ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আহসানুল কবির।