বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতা ও তাঁর বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি-নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার চন্দ্রদ্বীপ খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলনের পর আয়োজিত মানববন্ধনে পাঁচ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তাঁরা চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী (৪২) ও তাঁর বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ করেছেন। চাঁদাবাজি ও নির্যাতন বন্ধ এবং নদীবেষ্টিত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেখানে পুলিশ ফাঁড়ির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা রুহুল রাঢ়ী ও তাঁর বাহিনীর কারণে ইউনিয়নবাসী অতিষ্ঠ। তাঁরা নিজেরা নিজেদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। তাঁদের জমি জোর করে তরমুজ চাষিদের কাছে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তাঁর অন্যায় কাজের প্রতিবাদ করলে মারধর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।
মানববন্ধনে এক কৃষক বলেন, তরমুজখেতের প্রতি তাওয়া তৈরি করতে তাঁরা তিন টাকা পান। সেখান থেকে রুহুলের বাহিনীকে তাওয়াপ্রতি এক টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়। তাঁরা এ চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের উপার্জনের দুটি পথ—কৃষি ও নদীতে মাছ ধরা। প্রতিনিয়ত তাঁদের চাঁদা দিতে হয়, না দিলে অত্যাচার করা হয়। এত দিন নীরবে অত্যাচার সহ্য করে আসছিলেন তাঁরা। এখন এ আসনে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছে। নদীবেষ্টিত এলাকার মানুষকে ভালো রাখতে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপন করা জরুরি বলে তিনি মনে করেন।
তবে বিএনপির নেতা রুহুল রাঢ়ী অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর যাঁরা অত্যাচার-নির্যাতন করেছেন, তাঁরা তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যাঁরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন, তাঁদের কয়েকজন জামায়াত ছাড়া সবাই আওয়ামী লীগের। আওয়ামী লীগকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।