খেলতে বের হয়ে বাড়ি না ফেরা শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তরুণ গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি

রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মুজাহিদ ইসলাম (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে নিখোঁজ হওয়ার এক দিন পর গত শনিবার সকালে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় গত রোববার শিশুটির বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি ধর্ষণ ও হত্যা মামলা করেন।

আরও পড়ুন

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে শিশুটি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন শনিবার সকালে স্থানীয় লোকজন সেচ ক্যানেলসংলগ্ন একটি পাটখেতে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটির দুই চোখ মারাত্মকভাবে জখমপ্রাপ্ত ছিল এবং চোখের ভেতরের দিকে প্রায় এক ইঞ্চি দেবে গিয়েছিল। এ ছাড়া মাথার পেছনে ডান দিকে রক্ত জমাট বাঁধা ছিল, ডান কনুইয়ের নিচে আঁচড় ও ক্ষতের চিহ্ন এবং শরীরে যৌন নির্যাতনের স্পষ্ট আলামত দেখা গেছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় একটি ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।