জরাজীর্ণ ভবনে চিকিৎসা

স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি জরাজীর্ণ। এখানে গাইনি বিশেষজ্ঞসহ চিকিৎসকের গুরুত্বপূর্ণ পদ শূন্য।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী গলাচিপা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটিতে এভাবে বিম ও ছাদের পলেস্তারা খসে পড়ে মরিচাযুক্ত রড বেরিয়ে পড়েছে। এই ঝুঁকিপূর্ণ ভবনে হাসপাতালের কার্যক্রম চলছে। শনিবার সকালে তোলা
ছবি: প্রথম আলো

ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিমে ফাটল ধরে রড বের হয়ে আছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে নারী ও শিশুদের চিকিৎসাসেবা। এই দুরবস্থা পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ভবনের। এতে এই ভবনে অবস্থানকালে রোগী, চিকিৎসকসহ সবাই আতঙ্কে থাকে। এ ছাড়া এখানে গাইনি, অ্যানেসথেসিয়া, সার্জারি বিশেষজ্ঞসহ চিকিৎসকের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এতে এখানে এসে রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না।

৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ চিকিৎসকের ২৩টি পদ রয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞের ১০টিসহ ২১টি পদই শূন্য।  এখানে অনুমোদিত পদগুলোর বিপরীতে শুধু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও একজন আবাসিক চিকিৎসা কর্মকর্তা কর্মরত। বাকি পদগুলো শূন্য থাকায় রাঙ্গাবালী উপজেলা ও গলাচিপা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোতে নিয়োগ দেওয়া ৯ জন চিকিৎসা কর্মকর্তাকে প্রেষণে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা চালু রাখা হয়েছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৯২ সালের ১ জুলাই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবন নির্মাণ করা হয়। তখন স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যার ছিল। ২০০৫ সালের ২৯ নভেম্বর এটাকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পুরোনো ভবনে লাগোয়া আরেকটি দ্বিতল ভবন নির্মাণ করে। এখানে নারী ও শিশু রোগী বেশি হওয়ায় ৩১ শয্যার পুরোনো ভবনে নারী ও শিশুদের ওয়ার্ড এবং নতুন ভবন পুরুষদের ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনে নারী ও শিশু ওয়ার্ডের ছাদ–বিমের পলেস্তারা খসে পড়েছে। অবস্থা বেশি খারাপ হওয়ায় আগে পাশের শিশু ওয়ার্ডটি বন্ধ করে সেখানে ভান্ডারকক্ষ বানানো হয়েছে। পশ্চিম পাশের মহিলা ওয়ার্ডে মহিলা ও শিশু রোগী ভর্তি রয়েছে। তবে রোগী ও তাদের স্বজনেরা একটু পর পর ছাদের দিকে তাকাচ্ছে। মাথার ওপরের ছাদ ও বিম থেকে পলেস্তারা খসে পড়ে।

নারী ওয়ার্ডে ভর্তি হওয়া জামিলা বেগম (৩৫) নামের এক রোগীর শরীরে স্যালাইন চলছে। ওই নারীর স্বামী কামাল মৃধা স্ত্রীর পাশে শয্যায় বসে রয়েছেন। তিনি বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় শুক্রবার তিনি স্ত্রীকে এখানে এনে ভর্তি করিয়েছেন।

জেলার রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ থেকে ১৫ মাসের কন্যাশিশু রাবেয়াকে নিয়ে শনিবার সকালে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন মা-বাবা ফারজানা বেগম ও ইউসুফ মুন্সি। রাবেয়ার ডায়রিয়া হওয়ায় তাকে ভর্তি করে স্যালাইন দেওয়া হচ্ছে। শিশুটির মা ফারজানা বেগম বলেন, ‘ওপরের ছাদের পলেস্তারা খসে নিচে পড়ে রড বেরিয়ে রয়েছে। শুনছি মাঝেমধ্যেই পলেস্তারা খসে পড়ছে।’ এ অবস্থায় সেবা নিতে এসে শিশুকন্যাকে নিয়ে ফারজানাকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। 

শনিবার সকালে পুরোনো ভবনের দোতলা থেকে নতুন ভবনে যাওয়ার সময় বারান্দায়ও বিছানা পেতে কয়েকজন রোগীকে সেবা নিতে দেখা গেছে। 

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে প্রতিদিন ৮০ থেকে ৯০ জন রোগী ভর্তি থাকেন। এতে রোগীদের অনেক সময় ওয়ার্ডের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হয়। এই হাসপাতালে বহির্বিভাগে প্রতিদন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন।

গলাচিপা শহরের সাগরদি এলাকার ইব্রাহিম খলিল তাঁর ছয় বছরের শিশু অলিউল্লাহকে শনিবার সকালে এখানে ভর্তি করেন। এখানে চিকিৎসাসেবায় তিনি সন্তুষ্ট নেন। এ বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, ‘এই জায়গায় বড় ডাক্তার নাই। এরপরও আমাগো আইতে হয়। কারণ, নদী পার হইয়া পটুয়াখালী জেলা শহরে যাইতে অনেক টাকা খরচ হয়। যদি এই জায়গায় বড় ডাক্তার দিত, আমাগো মতো গরিব মানুষ বড় ডাক্তার দেহাইতে পারত। ভালো চিকিৎসা পাইত।’

স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি চলতি মাসে যোগ দিয়েই এখানে চিকিৎসক–সংকটের বিষয়টি জানতে পেরেছেন। চিকিৎসক–সংকট থাকায় এক বছর আগে থেকেই এখানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসক এনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।

ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরোনো ওই ভবনে নারী ও শিশু ওয়ার্ড। ভবনটি জরাজীর্ণ। শুধু রোগী ও তাঁদের স্বজনেরাই নন, চিকিৎসকদেরও এখানে আতঙ্কে থাকতে হয়।