ম্যানেজিং কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই আসে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের বিষয়ে যে কথা ছাড়ানো হচ্ছে, তা ঠিক নয়।
আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই আসে না। বরং শিক্ষাগত যোগ্যতা ধাপে ধাপে ঠিক আছে কি না, এটা চেক করার জন্য প্রথম যাচাই-বাছাই করবেন ইউএনও, তারপর করবেন ডিসি অথবা ডিভিশনাল কমিশনার। এরপর নিজ নিজ বোর্ড যাচাই-বাছাই করে উপযুক্ত লোক এই কমিটিতে যাচ্ছে কি না, সেটা দেখবে। কেউ যদি কমিটিতে আসতে চান, তাহলে তাঁকে তিনটি লেয়ার (ধাপ) পার করে আসতে হবে। তবে সমাজে যাঁদের অবদান রয়েছে, তাঁদের বিষয়ে আমরা আলোচনা করছি।’
শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে সংবর্ধনা দেওয়া ও ফুলের মালা-তোড়া প্রদান শতভাগ নিষিদ্ধ বলে ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় নতুন আইন বাস্তবায়ন সম্ভব না হলেও ভবিষ্যতে সরকারি পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের পরীক্ষাগুলো সুষ্ঠু ও ভালোভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।