কক্সবাজার মেরিন ড্রাইভে ২৬ কিলোমিটার স্কেটিং করলেন ২০০ কিশোর–তরুণ
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের পাশ ঘেঁষে ৮৪ কিলোমিটারের কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ। আজ শুক্রবার দুপুরে মেরিন ড্রাইভের প্রায় ২৬ কিলোমিটার রোলার স্কেটিং করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২০০ জন কিশোর-তরুণ। এর মধ্যে ৫০ জন ছিল মেয়ে। সবার পরনে ছিল আকাশি রঙের টি-শার্ট।
জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ স্কেটিং ফেডারেশন মাদকের বিরুদ্ধে জনমত গড়তে প্রথমবারের মতো বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভে রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ।
আজ দুপুরে হাজাম পাড়ার মেরিন ড্রাইভ থেকে টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্ক পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার রোলার স্কেটিং ম্যারাথন শুরু হয়। ২০০ প্রতিযোগীকে ৬টি দলে বিভক্ত করে প্রতিযোগিতা শুরু হয়। এর মধ্যে ছেলেদের গ্রুপ চারটি এবং মেয়েদের দুটি গ্রুপ ছিল। প্রচণ্ড গরম উপেক্ষা করে স্কেটিং করতে গিয়ে কয়েকজন অবশ্য অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের স্বাস্থ্যসেবার জন্য দলে ছিল অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম।
আগামীকাল শনিবার সৈকতের লাবণী পয়েন্টে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনের এই আয়োজন শেষ হবে।
স্কেটিংয়ে মেয়েদের সিনিয়র বিভাগে প্রথম হয়েছেন আনসার-ভিডিপির বৈশাখী। তিনি বলেন, ‘এত লম্বা পথ স্কেটিং করা চ্যালেঞ্জিং। তবু মনের জোরে চলে আসা। ফিনিশিং করতে পেরে অনেক ভালো লাগছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, ম্যারাথন হচ্ছে বিজয়ের সংবাদ পৌঁছানো। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। উঠতি বয়সীদের যত বেশি খেলাধুলায় সম্পৃক্ত করা যাবে, তত বেশি মাদক থেকে দূরে রাখা যাবে। পড়ালেখার পাশাপাশি শরীর গঠনে মনোযোগী হবে।
এই আয়োজন পর্যটনশিল্প ও ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখবে। এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় মানুষ আরও সচেতন হবে।
উদ্বোধনীর পরে স্কেটিংয়ে অংশ নেওয়া প্রতিযোগীরা কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজাম পাড়ায় পৌঁছান। সেখানে রাত যাপন করেন। পরে আজ সকালে শুরু হয় স্কেটিং ম্যারাথন।
১২ থেকে ১৪ বছর বয়স ক্যাটাগরিতে দিনাজপুর স্কেটিং অ্যাসোসিয়েশন থেকে অংশ নেয় শিমু। প্রথমবার অংশ নিয়েই প্রথম হয়ে খুশি শিমু বলে, ‘মেয়ে হিসেবে ২৬ কিলোমিটার স্কেটিং করা সহজ ছিল না। সমুদ্রের টানে সবার অনুপ্রেরণায় শেষ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।’
ছেলেদের সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন আনসার-ভিডিপির সাবিও গোমেজ। ১৪ থেকে ১৬ বছরের বয়সে প্রথম হয়েছেন উত্তরা ফ্রেন্ডস ক্লাব রোলার স্কেটিং একাডেমির একরাম। তাঁরা বলেন, তীব্র বাতাস ও প্রখর রোদের তাপে প্রথমে খুবই কঠিন মনে হয়েছিল। পরে সাগর ও পাহাড়ের সঙ্গে মিতালি করে স্কেটিং শেষ করেছেন। দারুণ অনুভূতি। এই বিজয় তাঁদের প্রেরণা জোগাবে। সঙ্গে ক্যারিয়ারও গড়বে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, এই আয়োজন পর্যটনশিল্প ও ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রাখবে। এখানকার পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় মানুষ আরও সচেতন হবে।
ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই মাদক থেকে রক্ষায় ওয়ালটন গ্রুপ সারা দেশে যুবসমাজকে ক্রীড়ামুখী করার কাজ করছে। দেশের অহংকার কক্সবাজার সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখা এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
আগামীকাল শনিবার সৈকতের লাবণী পয়েন্টে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পাঁচ দিনের এই আয়োজন শেষ হবে।