পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে লাঞ্ছনার ঘটনায় তিন দিন পর মামলা, গ্রেপ্তার ৩
রাজবাড়ী শহরের প্রধান কাপড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের সামনে লাঞ্ছিত করার তিন দিন পর মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে তিনি রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। এরপর ওই মামলায় রাতেই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী পৌর এলাকার আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), রুবেল হোসেন (১৯) ও হেলাল উদ্দিন (৩৮)।
জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী শাহনাজ পারভীন চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মামলায় নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আজ আদালতে সোপর্দ করার কথা আছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী শাহনাজ পারভীন চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
২৩ আগস্ট রাতে শাহনাজ পারভীন বৃষ্টি ১৫ থেকে ২০ জন লোক নিয়ে জাকিয়া সুলতানার প্রতিষ্ঠানে যান। তিনি বেতন দাবি করেন এবং জাকিয়াকে হুমকি দেন। একপর্যায়ে তাঁর প্রতিষ্ঠানে হামলা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এরপর গত শনিবার বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কাপড় বাজারে অবস্থান নেন। নিজের প্রতিষ্ঠানে হামলার বিচার দাবিতে সেখানে মানববন্ধন ও মাইক নিয়ে বিক্ষোভ করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাপড় বাজারের ব্যবসায়ীরা তাঁকে মার্কেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতিতে কয়েকজন যুবক জাকিয়া সুলতানাকে লাথি ও থাপ্পড় মারেন।