সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার
সিরাজগঞ্জে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপির-জামায়াতের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলায় ছয়জন, তাড়াশে দুজন এবং রায়গঞ্জ, বেলকুচি, কাজীপুর, এনায়েতপুর ও চৌহালীতে একজন করে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের নামে বিভিন্ন সময়ে করা নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
সিরাজগঞ্জ সদরে গ্রেপ্তার ছয়জন হলেন থানা বিএনপির সহসভাপতি ছানোয়ার হোসেন (৬০), শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম (৬৫), বিএনপির কর্মী সুমন সরকার (৩৯), রতনকান্দি ইউনিয়ন বিএনপির কর্মী নয়ন (৩৯) ও মানিক (২২) এবং জামায়াতের কর্মী আশরাফুল আলম (৩৫)। তাড়াশে গ্রেপ্তার দুজন হলেন বারুহাস ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বাশার ও তাড়াশ উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা। গ্রেপ্তার অপর পাঁচজন হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ওয়ার্ড বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া, কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার চাকলাদার, এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান এবং চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল বাসার।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘সরকার পতনের এক দফা দাবিতে আগামীকাল শনিবার ঘোষিত ঢাকার মহাসমাবেশকে পণ্ড করতে পূর্বপরিকল্পিতভাবে পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা সবাই কোনো না কোনো মামলার আসামি। এখানে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করার সুযোগ নেই।