তারাগঞ্জে আদা চাষে চাষিদের ভাগ্য বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জের অনন্তপুর গ্রামের আদাখেত পরিচর্যায় ব্যস্ত চাষি অবিনাশ রায়
ছবি: প্রথম আলো

একসময় যে গ্রামের মাঠজুড়ে দেখা যেত ধানখেত, এখন সেই মাঠজুড়ে আদা, বেগুন আর মরিচের খেত। এখানে আদার সাথি ফসল হিসেবে চাষ হচ্ছে বেগুন ও মরিচ। তবে দ্বিগুণ লাভ হওয়ায় ধান ছেড়ে গ্রামটির অনেকেই আদা চাষে ঝুঁকছেন। এই আদা চাষই ভাগ্য বদলে দিয়েছে অনন্তপুর গ্রামের মানুষের।

রংপুরের তারাগঞ্জ উপজেলা শহর থেকে দুই কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নে গ্রামটির অবস্থান। গ্রামটির অসংখ্য সবুজ আদা, মরিচ আর বেগুনের খেত নজর কারে। অনেকেই ব্যস্ত সেই খেত পরিচর্যা করতে। ভোরে সূর্য ওঠার আগেই গ্রামের অনেকেই আদাখেতের বেগুন, মরিচ তুলতে কর্মব্যস্ত হয়ে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খেত থেকে তোলা বেগুন–মরিচ নিয়ে কৃষকেরা ছোটেন বাজারে।

ওই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, ১৫ বছর আগেও এভাবে অনন্তপুরে আদার চাষ হতো না। অন্য এলাকার মতোই সবাই পড়ে থাকতেন ধান নিয়ে। কিন্তু বেলে দোআঁশ মাটির এ এলাকায় আদার চাষ যে অনেক বেশি লাভজনক, সে বিষয়টি প্রথম ধরতে পারেন গ্রামের মোলায়েম খান। প্রথম তিনি বাণিজ্যিকভাবে আদার চাষ শুরু করেন। ফলন ভালো হওয়ায় এবং বেশি দামে বিক্রি করতে পারায় তিনি আরও বেশি জমিতে আদা চাষ করেন। তাঁর সাফল্য দেখে অন্য কৃষকেরাও ধানের বদলে আদা চাষে নেমে পড়েন।

কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজালুল হক জনান, আগে গ্রামটির মানুষ শুধু ধানের চাষ করতেন। কিন্তু আদা চাষ শুরু হওয়ার পর ১০-১২ বছরের মধ্যে এখানকার অনেক কৃষক ধান চাষ ছেড়ে দিয়েছেন। আদাখেতে সাথি ফসল হিসেবে বেগুন, মরিচ, কচু, ঢ্যাঁড়স চাষ করছেন। এসব সাথি ফসল বিক্রি করে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা।

গ্রামটিতে ঢোকার মুখে কৃষক রূপলাল চন্দ্রের বাড়ি। একসময় তিনি শুধু ধানের চাষ করতেন। এখন আদা আর বেগুনের চাষ করেন। তিনি বলেন, ধানের চেয়ে আদা চাষে লাভ দ্বিগুণ। এক একর জতিতে ধান চাষ করতে ব্যয় হয় ২৮-৩০ হাজার টাকা। উৎপাদিত ধান বিক্রি হয় ৪২-৪৫ হাজার টাকা। এতে লাভ হয় ১২-১৫ হাজার টাকা। কিন্তু এক একরে আদা চাষ করতে ব্যয় হচ্ছে ৯০ হাজার টাকা। উৎপাদিত আদা বিক্রি হয় তিন লাখ টাকার বেশি। মুনাফা হেরফের হয় মূলত আদার উৎপাদন ও বাজারদরের কারণে।

আদাখেত পরিচর্যায় ব্যস্ত গ্রামের অবিনাশ রায়। তিনি গত মৌসুমে ৭০ শতক জমির ৫০ শতক জমিতে ১৫ হাজার টাকা খরচ করে ধান চাষ করেছিলেন। এতে খরচ বাদ দিয়ে ৭ হাজার টাকা লাভ হয়েছে। কিন্তু পাঁচ শতক জমিতে আদা চাষ করে ১০ হাজার টাকা লাভ করেন। এ কারণে এবার তিনি ৭০ শতক জমিতেই ধানের বদলে আদার চাষ করেছেন। তিনি বলেন, ‘আগোত মুই খালি ধানের আবাদ করছুনু। গত বছর খালি পাঁচ শতক জমিত আদা চাষ করি ১০ হাজার টাকা লাভ করছুন। হিসাব করি দেখছু, ৫০ শতকে ধান চাষ করি যে লাভ, পাঁচ শতক জমিত আদা চাষ করি তাঁর থাকি দ্বিগুণ লাভ। ওই জন্য এবার ৭০ শতক জমিত আদা নাগাছুন। আদাখেতোত নাগা মরিচ, বেগুন বেচেয়াও ভালো টাকা পাওছুন।’

অবিনাশ রায়ের পাশের খেত থেকে বেগুন তুলতে ব্যস্ত হতিশ রায় বলেন, ‘আদা হামার ভাগ্য ঘুচি দিছে। আদার আবাদ করতে যে খরচ হয়, তাক আদা খেতের বেগুন আর মরিচ বেচে উঠি যায়। ফাওয়ে ফাওয়ে আদার আবাদ হওছে।’

উপসহকারী কৃষি কর্মকতা ওয়াজেদ আলী বলেন, মসলাজাতীয় ফসল আদার চাষে লাভ বেশি। কয়েক বছর ধরে আদাখেতে লাগানো বেগুন মরিচের দামও বাজারে ভালো। তাই গ্রামটির মানুষ আদা চাষে ঝুঁকছেন। এখানকার আদা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকায় যাচ্ছে।

উপজেলার কৃষি কর্মকতা ঊর্মি তাবাসসুম বলেন, এবারে উপজেলার ৫২০ একরে আদার চাষ হয়েছে। মার্চ মাসে জমি চাষ করে আদা রোপণ করা হয়। তোলা হয় নভেম্বরে-ডিসেম্বরে। একরে দুই হাজার কেজি পর্যন্ত আদা হয়ে থাকে। কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক পদ্ধতিতে আদা চাষে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে।