প্রকাশ্যে মাদক সেবন করছিলেন লক্ষ্মীপুরের বিএনপি নেতা

বিএনপি নেতা মিরন জমাদ্দার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক বিএনপি নেতার প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিও গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা ওই বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিরন জমাদ্দার পরপর দুই ধরনের মাদক গ্রহণ করেছেন। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা, তা জানা যায়নি। জানা গেছে, মিরন রাজনীতির পাশাপাশি এলাকায় একটি চা–দোকান চালান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিরন জমাদ্দারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে এসেছে। বিষয়টি দলীয়ভাবে গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে। আলোচনার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিছু নেতার এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

নজরুল ইসলাম আরও জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে অভিযুক্ত মিরন জমাদ্দার মুঠোফোন বন্ধ রেখে আত্মগোপনে রয়েছেন। এ কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ভিডিওটির বিষয়টি নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।