গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা এক্সকাভেটরে বাসের ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জ সদর উপজেলায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা এক্সকাভেটরের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দিগন্ত পরিবহনের বাসচালক খুলনার রুপসা উপজেলার মজিদ মোল্লার ছেলে বাচ্চু মোল্লা। নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪০ বছর। তিনি বাসের যাত্রী ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় রাস্তার ওপর এক্সকাভেটরটি দাঁড়িয়ে ছিল। বাগেরহাটের কাটাখালী থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি ডুমদিয়া এলাকায় এক্সকাভেটরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে গোপালগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর আবার যান চলাচল শুরু হয়। দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।