নজরুলের অনুসারীরা কি আলাদা কর্মসূচি পালন করবেন

বিএনপির সমাবেশে নেতা-কর্মীদের নিয়ে নজরুল ইসলাম। গতকাল খুলনার সোনালী ব্যাংক চত্বরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগে খুলনা নগর বিএনপির বিরোধ এতটা প্রকাশ্য রূপ নিয়েছিল যে কেন্দ্রের বিভিন্ন কর্মসূচি দুটি পক্ষ আলাদাভাবে পালন করত। সেই সময় গত হয়েছে। তবে খুলনা বিএনপিতে আবারও এ রকম পাল্টাপাল্টি কর্মসূচি হতে পারে, এমন আভাস পাওয়া যাচ্ছে।

দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করা নজরুল ইসলাম (মঞ্জু) ও তাঁর অনুসারীরা এ রকম কর্মসূচি পালন করতে পারেন বলে আভাস দিচ্ছেন। কয়েক মাস ধরে ঘরোয়াভাবে ছোট পরিসরে তাঁরা দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। তখনই বিষয়টা নিয়ে কানাঘুষা ছিল। তবে গতকাল সোমবারের খুলনা বিভাগীয় তারুণ্যের সম্মেলন আলাদাভাবে কর্মসূচি পালনের সেই সম্ভাবনাকে আরও কিছুটা চাঙা করেছে।

নজরুল ইসলাম খুলনা নগর বিএনপির ১৬ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর ছিলেন সভাপতি। খুলনা-২ আসনের সংসদ সদস্যও ছিলেন।

বিএনপির তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোনালী ব্যাংক চত্বর, খুলনা, ১৭ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নগরের সংগীতা সিনেমা হল মোড় থেকে বড় একটি মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশস্থল ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে যান নজরুল ইসলাম ও তাঁর অনুসারীরা। সেই মিছিলে মহানগর বিএনপি, নগরের পাঁচ থানা এবং নগর বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড কমিটির সাবেক নেতারা অংশ নেন। সাবেক যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা–কর্মীরাও মিছিলে অংশ নেন।

প্রায় ৯ মাস পরে দলের কোনো কর্মসূচিতে অংশ নিয়ে দীর্ঘ সময় মঞ্চের পাশে দলবলে বসে থাকলেও মঞ্চে দেখা যায়নি এই নেতাকে। সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতাদের সমাবেশ মঞ্চ থেকে ধন্যবাদ জানানো হলেও তাঁর নাম উচ্চারিত হয়নি। গত বছরের ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হয়। সেখানেও নজরুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিএনপির সাবেক নেতারা বড় মিছিল নিয়ে যোগ দেন। সেদিনও তাঁকে মঞ্চে দেখা যায়নি। মাইকেও তাঁর নাম উচ্চারণ করা হয়নি।
গতকাল সমাবেশস্থলে বসা নিয়ে নজরুলপন্থীদের সঙ্গে বর্তমান নেতৃত্বের অনুসারীদের হাতাহাতির ঘটনাও ঘটেছে।

দলীয় নেতা–কর্মীরা জানান, বিএনপি নেতা মঞ্জু তাঁর অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন। এ সময় মঞ্চ থেকে গান-কবিতা ও নাটিকা পরিবেশন করা হচ্ছিল। মঞ্জুর অনুসারী নেতা–কর্মীরা হলুদ টি-শার্ট ও হলুদ ক্যাপ পরে সমাবেশে আসেন। বেলা দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম (তুহিন) এবং জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান (বাপ্পী) মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যেতে বলেন। একই সঙ্গে তাঁরা লাল ও সবুজ ক্যাপ পরা তাঁদের অনুসারী নেতা–কর্মীদের মঞ্চের সামনে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।

এ ঘোষণার পর বিএনপির বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে নজরুল ইসলাম তাঁর অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন। নজরুল ইসলামের ভাষ্য, ‘ওটা বড় কোনো বিষয় না। যাতে ঘটনা না বাড়ে, সে জন্য তাঁরা পিছিয়ে যান।’

গতকালের মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি খুলনা জেলা ও মহানগরের নেতারা মঞ্চে বক্তব্য রাখেন। মঞ্চের সামনের চেয়ারে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম ও জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী। ওই দুই কেন্দ্রীয় নেতার নেতৃত্বেই এখন খুলনা নগর ও জেলা বিএনপি চলছে।

দলীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং নিজেদের মতো করে দলের কিছু কর্মসূচি পালন করেছেন নজরুলসহ সাবেক নেতারা। তবে সরাসরি দলের কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন। যদিও বর্তমান নেতৃত্বে থাকা বিএনপির নেতারা কোনো কর্মসূচিতেই তাঁদের আমন্ত্রণ জানাননি। কোনো পর্যায়ের কমিটিতেই নজরুলের অনুসারীদের রাখেনি বর্তমান নেতৃত্ব। কিছুদিন ধরে নজরুল ইসলাম ও তাঁর অনুসারীরা নগরের বিভিন্ন ওয়ার্ড ও থানায় সভা করছেন। কখনো সাবেক নেতার ব্যানারে, কখনো থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে ওই সব সভা হয়েছে। সেসব সভায় বড় জমায়েতও হয়েছে।

তারুণ্যের সমাবেশে যাওয়ায় প্রতিক্রিয়া নিয়ে নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা মাঠ ছাড়ব না। এরপরের কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে যদি আমাদের না-ই ডাকে, তবে চেষ্টা করব কেন্দ্রকে বোঝাতে যে খুলনায় ঐক্যবদ্ধ বিএনপি দরকার। সরকার পতনের আন্দোলনে এবং নির্বাচনে বিজয়ী হতে গেলে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। এরপরও যদি দল আমাদের আগের জায়গায় না আনে; প্রয়োজনে আমরা পৃথকভাবেই কেন্দ্রীয় কর্মসূচি পালন করব। যদিও বছর দেড়েক আগে সংবাদ সম্মেলন করে আমরা বলেছিলাম পাল্টাপাল্টি কর্মসূচি পালন করব না, দেড় বছর ধরে এটা কিন্তু আমরা মেনেছি। এরপরে আমরা বসে থাকব না, কেন্দ্র কর্মসূচি দিলে আমরাও রাজপথে নেতা–কর্মীদের নিয়ে থাকব। কারণ, দীর্ঘ পরীক্ষিত আন্দোলনের কর্মীরাই আমাদের সঙ্গে আছেন।’

২০২১ সালের ৯ ডিসেম্বর হঠাৎ কেন্দ্র থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে খুলনা মহানগর বিএনপির সভাপতির পদ থেকে নজরুল ইসলামকে বাদ দেওয়া হয়। নানা ঘটনাপ্রবাহে পরবর্তী সময় তাঁকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়। ওই ঘটনার পর তাঁর অনুসারী পাঁচ শতাধিক নেতা পদত্যাগ করেন।