চার প্রার্থীই জয়ের আশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও দলের দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীরা একদিকে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের কাছে টানার চেষ্টা করছেন। অন্যদিকে তাঁরা বিএনপিসহ সমমনা দলের কর্মী-সমর্থকদের কাছেও যাচ্ছেন।

এদিকে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আহমেদ শফি (রুবেল)। একই দলের তিন নেতার ভিড়ে জয়ের আশা করছেন লাঙ্গল প্রতীকের এই প্রার্থী।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইকবালুর রহিম। এখানে ‘ট্রাক’ প্রতীক নিয়ে লড়ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ এবং ‘ঈগল’ প্রতীকে যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ। ইকবালুর রহিম তিনবারের সংসদ সদস্য; চতুর্থবারের মতো দলীয় মনোনীত প্রার্থী। তাঁরা তিনজনই জোরেশোরে প্রচার চালাচ্ছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করে ভোট চাইছেন। প্রচারণার অংশ হিসেবে রুটিন করে শিক্ষক-চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে সভা করছেন ইকবালুর রহিম।

প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টার-ব্যানার-ফেস্টুন এবং মাইকে প্রার্থীর গুণগানসমৃদ্ধ বিভিন্ন গানে শহর ও গ্রামে জোরেশোরেই চলছে প্রচার। ফুটপাতে, রাস্তার মোড়ে বসছে নির্বাচনী ক্যাম্প। সকাল থেকে রাত অবধি নির্বাচনী ক্যাম্পে নেতা–কর্মীদের আনাগোনা ও জমজমাট উপস্থিতিতে সরগরম ক্যাম্পগুলো। তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি আশঙ্কা প্রকাশ করছেন খোদ দলীয় নেতা–কর্মীরা।

অটোচালক বাবুল মিয়া বলেন, ‘ভোট দিবার যেয়া যুদি মারামারি লাগি যায়, কিছু একটা হই যায়। সেলা কি হইবে। গেলবার তো ভোট দিবার পারো নাই। এইবার নিয়ত করোছি হারা ভোট দিবার যাম নাই।’ কারণ, এইবার তো ওরায় ওরায় ভোট করোছে, গন্ডগোল হবার সম্ভাবনায় বেশি।’

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা বলেন, ‘আমরা ভোটারদের উৎসাহ দিচ্ছি ভোটকেন্দ্রে আসার জন্য। কিন্তু তলে–তলে বিএনপির নেতা–কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে ভোটকেন্দ্রে না আসার জন্য। সেদিক থেকে দেখলে ভোটার উপস্থিতি কম হবে। এক দলের তিন প্রার্থী না হলে উপস্থিতি আরও কম হতো।’

বিশ্বজিৎ ঘোষ ও রাশেদ পারভেজ—দুজনই ইকবালুর রহিমের অনুসারী ছিলেন। তবে গত চার বছর থেকে সংসদ সদস্যের সঙ্গে বিভিন্ন কারণে দূরত্বের সৃষ্টি হয় দুজনের।

স্থানীয় লোকজন বলছেন, এই আসনে ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। তবে পৌরসভার মেয়র বিএনপির হওয়ায় সেখানে রাস্তাঘাটের দৃশ্যমান উন্নয়ন হয়নি। নৌকার প্রার্থীর প্রতি স্থানীয় লোকজনের এই ক্ষোভ ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। যদিও নির্বাচনী প্রচারে নেতা–কর্মীদের অনেকে ঘোষণা দিয়েই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নেমেছেন। আবার কেউ আছেন দিনে দলীয় প্রার্থীর সঙ্গে থাকলেও রাতের আঁধারে বৈঠক করছেন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে।

পৌর শহরের এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘ভোটাররা দম ধরে আছেন। ভোটে যদি কোনো প্রকার হস্তক্ষেপ না থাকে, তাহলে এখানে ভালো মানের লড়াই হবে। তবে লাঙ্গলসহ প্রার্থী চারজন হলেও লড়াই হবে গুরু-শিষ্যের (নৌকা-ট্রাক)। যদিও পৌরসভায় জাতীয় পার্টির কিছু ভোট রয়েছে।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেক নেতা–কর্মীই আছেন, যাঁরা দীর্ঘদিন অবহেলিত ছিলেন। তাঁরা দলের প্রার্থীর বাইরে কথা বলতে পারছেন না। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গোপনে কাজ করছেন।

এই চার প্রার্থী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। তবে লাঙ্গল প্রতীকসহ স্বতন্ত্র দুই প্রার্থীর আশঙ্কা সুষ্ঠু ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা নিয়ে। লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমদ শফি রুবেল বলেন, ‘যদি কোনো কারচুপি কিংবা ভোটারদের ওপরে প্রভাব বিস্তার না করা হয়, তাহলে লাঙ্গলের জয় হবে।’

স্বতন্ত্র প্রার্থী রাশেদ পারভেজ বলেন, ‘এই কয়েক দিনে গ্রামের অধিকাংশ জায়গায় ভোটারদের কাছে গিয়েছি। তাঁদের অভিযোগ, গত ১৫ বছরে কেউ তাঁদের কাছে যাননি। কোনো প্রকার সরকারি সুযোগ–সুবিধা পাননি। মানুষের কাছে গিয়েছি, তাঁরা আমাকে সাদরে গ্রহণ করেছেন।’

ট্রাক প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘যদি প্রশাসনিক কোনো প্রকার হস্তক্ষেপ না হয়, এই আসনের মানুষ ট্রাকে ভোট দিয়ে ভোটের ফলাফলে নীরব বিপ্লব ঘটাবে।’

তবে স্বতন্ত্র প্রার্থীরা জয়ের পথে বাধা হবে না বলে মনে করছেন নৌকার সমর্থেকেরা। ইকবালুর রহিমের অনুসারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, উন্নয়নের স্বার্থে মানুষ নৌকায় ভোট দেবে। নৌকা শেখ হাসিনার প্রতীক। এর প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা আছে।