লিফটে আটকে ছিলেন ২৫ মিনিট, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিফটে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় একটি ভবনের লিফটে আটকা পড়েছিলেন ১০ ব্যক্তি। তাঁরা প্রায় ২৫ মিনিট আটকে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ওই ভবনের একটি বাসার গাড়িচালক রবিউল আলম ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণকক্ষে ফোন দেন। এরপর নিয়ন্ত্রণকক্ষ থেকে চন্দনপুরা ফায়ার স্টেশনে বিষয়টি জানানো হয়।

রবিউল আলম প্রথম আলোকে বলেন, আটকে পড়া ব্যক্তিদের মধ্যে ভবনের বাসিন্দা ছাড়াও অতিথি ছিলেন। তাঁরা মাগরিবের নামাজ পড়ার জন্য লিফটে নামছিলেন। কিন্তু নিচতলা আর দোতলার মাঝামাঝি জায়গায় এসে লিফট আটকে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে ফোন করে জানানো হয়। এর মধ্যে তাঁরা নিজেরা লিফটের দরজা ফাঁক করে বৈদ্যুতিক পাখার মাধ্যমে বাতাসের ব্যবস্থা করেন। আর কাঠ দিয়ে দরজা ফাঁক করে রাখেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন।

চন্দনপুরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, লিফটের ধারণক্ষমতা হচ্ছে আটজনের। কিন্তু সেখানে উঠেছিলেন ১০ জন। তাই ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার অতিরিক্ত ব্যক্তি ওঠার কারণে এ ঘটনা ঘটেছে। উদ্ধারের পর সবাই সুস্থ আছেন।

উদ্ধার ব্যক্তিরা হলেন মো. আমজাদ হোসেন (৫২), মো. নুরুন্নবী ভূঁইয়া (৬৩), মো. শওকত ইসলাম (৫৫), মো. ওসমান গনি (৩৩), মো. নুরুল ইসলাম (৪৮), মো. নেসার উদ্দিন (৫০), মো. ওমর ফারুক (৩৭), মো. এসকান্দর মিয়া (৬০), মো. সোহেল (৪৮) ও মোহাম্মদ আবদুল্লাহ (১৩)। তাঁরা অন্তত ২৫ মিনিট আটকে ছিলেন।