যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের কবজি কেটে নিলেন দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে মোকারম হোসেন (২৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার পূর্ব পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মোকারম হোসেন উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা চালিয়াতলী এলাকার বাসিন্দা মোস্তাক মিয়ার ছেলে। স্থানীয় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় মোকারমকে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

মহেশখালী থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মোকারম হোসেনের বড় ভাই নিজাম উদ্দিনের সঙ্গে হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার এক ব্যক্তির বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ছদ্মবেশে কয়েকজন যাত্রী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী থেকে মোকারম হোসেনের অটোরিকশাটি ভাড়া নেন। তাঁরা গোরকঘাটা যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে যাত্রীরা চালক মোকারম হোসেনকে জিম্মি করে হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার পূর্ব পাহাড়ি এলাকায় নিয়ে যান। পরে সেখানে মোকারমকে গাছের সঙ্গে বেঁধে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলেন।

পরে স্থানীয় এলাকাবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি বলে পুলিশ জানিয়েছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক অন্য অটোরিকশাচালকেরা চালিয়াতলীতে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে এক অটোরিকশাচালকের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ধরার জন্য পুলিশ নানাভাবে চেষ্টা করছে।