শরীয়তপুরে নদীতে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি, মা–বাবার আকুতি
চার সন্তানের মধ্যে ছেলে জাহান উদ্দিনের (৩০) আয়েই সংসার চলত আমজাদ চোকদার ও রাশিদা বেগম দম্পতির। গতকাল শনিবার ভোরে নৌকায় কর্মস্থলে যাওয়ার পথে কীতির্নাশা নদীতে ডুবে নিখোঁজ হন জাহান উদ্দিন। মা–বাবার চোখের সামনে সন্তান নদীতে ডুবে গেলেও তাঁকে উদ্ধার করা যায়নি। ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত জাহান উদ্দিনের সন্ধান মেলেনি।
জাহান উদ্দিনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয় বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহের কাজ করতেন তিনি। কীর্তিনাশা নদীর তীরেই তাঁদের বাড়ি।
নিখোঁজ জাহান উদ্দিনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিজেদের ছোট একটি নৌকায় নদী পারাপার হন তাঁরা। প্রতিদিনের মতো গতকাল ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য নৌকায় নদী পার হচ্ছিলেন জাহান। নৌকা চালানো শুরু করতেই জাহান নদীতে পড়ে যান। তাঁর চিৎকার শুনে বাবা আমজাদ চোকদার ও মা রাশিদা বেগম ছুটে আসেন। মাঝ নদীতে ভাসতে ভাসতে বাঁচার জন্য আকুতি করছিলেন জাহান। তবে বৃদ্ধ মা-বাবা কিছু করার আগেই জাহান নদীতে তলিয়ে যান।
প্রথমে স্থানীয় লোকজন জাহানকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কীর্তিনাশার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। তবে তাতেও কোনো সন্ধান মেলেনি। গতকাল সন্ধ্যার দিকে জাহানের স্বজনেরা নদীতে জাল ফেলেও খোঁজাখুঁজি করেন।
আজ সকাল থেকে নিখোঁজের স্বজনেরা ট্রলার নিয়ে নদীতে ঘুরে দেখেছেন। নদীর তীরে বসে অঝোরে কাঁদছিলেন জাহানের মা রাশিদা বেগম ও বাবা আমজাদ। ছেলের সন্ধান এনে দেওয়ার জন্য আমজাদ বারবার আকুতি জানাচ্ছিলেন।
জাহানের মা রাশিদা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘ছেলে সারা দিন বাড়ির বাইরে কাজ করে। আমি ভোরে তাঁর জন্য খাবার নিয়ে নৌকার কাছে যাই। সেই খাবার নৌকায় পড়ে আছে। আমার জাহান নেই। যে খাবার আমার মানিক খাইতে পারে নাই, আমি এখন সেই খাবার ক্যামনে খাই? তোমরা আমার জাহানরে এনে দাও। ওর মুখটা আমি শেষবারের মতো দেখতে চাই।’
জাহানের বাবা আমজাদ চোকদার বলেন, ‘আমরা বৃদ্ধ মানুষ। তেমন কোনো কাজ করতে পারি না। জাহানের আয়ে আমাদের বুড়া–বুড়ির চলত। জাহানের স্ত্রী নেই। তবে তাঁর ৮ বছরের একটা ছেলে আছে। এই ছেলের দায়িত্ব আমরা এখন কার কাছে দেব?’
শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, শরীয়তপুরে কোনো ডুবুরি নেই। গতকাল মাদারীপুর থেকে ডুবুরি এনে নিখোঁজ যুবকের সন্ধান করা হয়েছিল। তবে গতকাল সারা দিন উদ্ধার অভিযান চালিয়ে যেহেতু কোনো সন্ধান মেলেনি তাই আর ডুবুরি দিয়ে অভিযান চালানো হবে না। তবে স্বাভাবিকভাবে লাশ ভেসে উঠলে পুলিশ বা ফায়ার সার্ভিস উদ্ধার করবে। স্বজনদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।