সুনামগঞ্জে ২০ বস্তা চোরাই চিনিসহ দুজন আটক

আটকপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে ভারত থেকে আনা ২০ বস্তা চোরাই চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও গ্রাম থেকে চিনি জব্দ ও দুজনকে আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপুর গ্রামের হরমুজ আলীর ছেলে আমির হোসেন (৩০) ও আবদুল মান্নানের ছেলে রমজান আলী (২০)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা ভারত থেকে অবৈধভাবে আনা ২০ বস্তা চিনি দুটি ইজিবাইকে করে নিয়ে যাচ্ছিলেন। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চিনি জব্দ এবং দুজনকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন।