বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরের, বাবা-বোন হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা কিশোরের বাবা ও তার ছোট বোন। রোববার রাত সোয়া আটটার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মিহির রায় (১৫)। আহত হন কিশোরের বাবা মধ্যম রায় (৪৪) ও বোন প্রকৃতি রায় (১২)। তাঁদের বাড়ি ঠাকুরগাঁও শহরের বদলিপাড়া এলাকায়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শহরের একটি কোচিং শেষে ছেলে মিহির রায় ও মেয়ে প্রকৃতি রায়কে নিয়ে মোটরসাইকেলে চড়ে বদলিপাড়ার বাড়ির দিকে ফিরছিলেন মধ্যম রায়। পথে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রের সামনে পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মীরা একটি ট্রাক আটকে টার্মিনাল টোল তুলছিলেন। সেই ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আলম পরিবহন নামের একটি নৈশ কোচ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী মিহির রায় ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বাবা মধ্যম রায় ও বোন প্রকৃতি রায়। পরে তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান পথচারীরা।

এদিকে সড়কে ট্রাক দাঁড় করিয়ে টোল নেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে দাবি করে এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। পরে এলাকায় যানবাহন থেকে টোল আদায় বন্ধের দাবিতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে বিদ্যুতের পিলার ফেলে অবরোধ করে। অবরোধ চলাকালে সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকে যায়। পরে পুলিশ সেখানে গিয়ে টোল তোলা বন্ধের ঘোষণা দিলে রাত সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ তুলে নেন এলাকাবাসী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।