মাদারীপুরে দুর্বৃত্তের হামলায় কিশোরের কবজি বিচ্ছিন্ন
মাদারীপুরে বাড়ি ফেরার পথে সাইফুল ইসলাম (১৫) নামের এক কিশোরের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়েছে। রোববার রাত নয়টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না এলাকায় এ ঘটনা ঘটে।
সাইফুল উপজেলার ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে। সাইফুল পেশায় রাজমিস্ত্রি।
এদিকে একই এলাকায় বি এম ফয়সাল (২৯) নামের এক ইলেকট্রিশিয়ানকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফয়সাল শহরের কুকরাইল এলাকার আবদুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাইফুল তার বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে সাইফুল বন্ধুদের বিদায় দিয়ে তার বাড়ির দিকে ফিরছিল। এ সময় নতুন জেলখানার সড়কে দিয়ে একাই সাইফুল হেঁটে যাচ্ছিল। এ সময় একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের গতিরোধ করে। পরে তারা সাইফুলকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর শুরু করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার বাঁ হাতের কবজি কেটে ফেলে। এ সময় সাইফুলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইফুলকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।
সাইফুলের বোন ফারজানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমার একটা মাত্র ভাই। আমার ভাইয়ের জীবনটা ওরা নষ্ট করে দিল। ও এখন কী করে চলবে, কী কাম করে খাইবে। আমরা ভাই দিনমজুর। ওর লগে তো কারও শত্রুতা নেই। কে আমার ভাইয়ের হাত কেটে দিল? আমার ভাইয়ের অপরাধ কী?’
একই এলাকায় রাত আটটার দিকে ফয়সালকে মুঠোফোনে ডেকে নেয় অজ্ঞাতনামা কয়েকজন যুবক। পরে তাঁকে বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য অন্ধকার একটি ঘরে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।
ফয়সালের ভাই রাসেল প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো বিরোধ নাই। সে একটি ইলেকট্রনিক দোকান চালায়। তাকে অচেনা একটি নম্বর থেকে বিদ্যুৎ–সংযোগে ঠিক করে দেওয়ার জন্য ডেকে নিয়ে হামলা চালায়। যারা আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালাইছে, তাদের বিচার চাই।’
জানতে চাইলে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সৈয়দা সোনিয়া প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের হামলায় গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে সাইফুলের বা হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। তবে তার শরীরে অন্য কোথাও আঘাত নেই। অন্যজনের মাথা, হাত, পা, বুকসহ একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ধারালো অস্ত্রের আঘাতে এক কিশোরের হাতের কবজি কেটে ফেলেছে সন্ত্রাসীরা। তবে কেন তার হাত কেটে ফেলল, সেই বিষয় ওই তরুণ ও তার পরিবার কোনো কিছুই বলতে পারছে না। খবর পেয়ে আমরা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা ধারণা করছি, একই সন্ত্রাসীরা আরেক যুবককে কুপিয়ে জখম করেছে। স্থানীয় আধিপত্য বা রাজনৈতিক দলাদলীর কারণেও এ হামলার ঘটনা ঘটতে পারে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’