পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মামলাজট সহনীয় পর্যায়ে আনা যাবে: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ২০২০ ও ২০২১ সাল—এ দুই বছরে করোনাভাইরাস মহামারির কারণে মামলা নিষ্পত্তির হার একটু ধীরগতির ছিল। তবে পরের বছর মামলা নিষ্পত্তির গতি অনেকটা বেড়েছে। আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মামলাজট সহনীয় পর্যায়ে আনা যাবে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মামলাজটের কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে, স্বল্প সময়ে স্বল্প খরচে মানুষ যেন ন্যায়বিচার পান, তার ব্যবস্থা করা।’
হাসান ফয়েজ সিদ্দিকী আরও বলেন, ‘আমি যখন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিই, সেদিনই প্রধানমন্ত্রীকে বলি, বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গণে এসে স্বস্তিতে বসবেন, এ রকম আয়োজন সারা দেশে কোনো আদালতে নেই। অথচ তাঁদের জন্যই এই আদালত এবং বিচারব্যবস্থা। দূরদূরান্ত গ্রামাঞ্চল থেকে পুরুষদের সঙ্গে নারী বিচারপ্রার্থীরাও আদালতে আসেন। সারা দেশে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন। বাদী ও বিবাদী মিলিয়ে প্রতিদিন লাখ লাখ লোককে আদালত প্রাঙ্গণে আসতে হয়। তাঁরা যেন স্বস্তিতে বসে পানি পান করতে পারেন, শৌচাগার ব্যবহার করতে পারেন—এ রকম কোনো ব্যবস্থা নেই। প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়ার পরপরই তিনি ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার জন্য ৩৫ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন। ৬৪টি জেলায় ৫০ লাখ টাকা করে দিলেও প্রতিটিতে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা করা যাবে। সেখানে পুরুষ ও নারীদের জন্য পৃথক শৌচাগার ও বসার জন্য ৫০ থেকে ৭০টি চেয়ারের ব্যবস্থা থাকবে। এক পাশে থাকবে ফাস্ট ফুডের দোকান এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র—যেগুলো আদালতে দরকার হয়।’
বাংলাদেশ অনেক দূর এগিয়েছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশে আর্থিক সংগতি বেড়েছে। দেশ সমৃদ্ধির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই গতিশীল রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সংগতি রেখে আমাদের দায়িত্ব হচ্ছে জুডিশিয়াল ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। এ পদক্ষেপের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি হচ্ছে ন্যায়কুঞ্জ।’
আইনজীবী ও তাঁদের সহকারীরা বিচারকাজে বিচারকদের সহায়তা করলে মামলজট সহনীয় পর্যায়ে আনা যাবে উল্লেখ করে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আমাদের বিচারকেরা প্রচণ্ড পরিশ্রমী। তাঁরা রাতদিন পরিশ্রম করেন। বিচারকদের কাজ বাইরে থেকে দেখা যায় না। তাঁরা আদালতে যে সময় ব্যয় করেন, এর বাইরে বাসায় গিয়েও অনেক রাত পর্যন্ত মামলার রায় লিখতে হয়। আমরা একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, মামলাজট নিরসনের এই যুদ্ধেও জয়ী হব।’
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রইস উদ্দিন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী, জেলা ও দায়রা জজ জয়শ্রী সমদ্দার, জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা আক্তার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল ভট্টাচার্য্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি মেজবাউল হক এবং সাধারণ সম্পাদক নূরতাজ আলম বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।