নৌকায় উঠে হামলা, নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে হালদা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর থেকে লাশটি উদ্ধার হয়।
উদ্ধার করা লাশটি রাউজানের উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে মোহাম্মদ সাব্বিরের। গত শনিবার রাতে পার্শ্ববর্তী উপজেলা হাটহাজারীতে একটি ওরসের মেলা থেকে নৌকায় ফেরার সময় সাব্বির ও তাঁর বন্ধুদের ওপর হামলার ঘটনা ঘটে। হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় এই হামলার সময় হালদা নদীতে ডুবে যান সাব্বির।
লাশ উদ্ধারের বিষয়টি হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওরসের মেলায় দুই দল যুবকের কথা–কাটাকাটি ও ঝগড়া হয়। এর জেরে একটি দলের ওপর অন্য দলটি হামলা চালায়। এ সময় নদীতে ডুবে যান সাব্বির। তাঁর লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, রামদাস মুন্সির হাটে ওরসে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটির পর মধ্য রাতে এক পক্ষ নৌকায় রাউজানে ফিরছিলেন, এ সময় নদীতে নৌকায় উঠে অন্য পক্ষ হামলা চালায়। হামলার সময় তিনজন নদীতে পড়ে যান। দুই যুবক সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নিখোঁজ হন। তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয় বলে সঙ্গে থাকা যুবকেরা জানিয়েছেন।