ওয়াসিমের ছবি না থাকায় জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে ব্যানার খুলে নিল ছাত্রদল

শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি না থাকায় ফেনী সরকারি কলেজে জুলাই শহীদ দিবসের ব্যানার খুলে নেন ছাত্রদল নেতা–কর্মীরা। আজ দুপুরে কলেজ মিলনায়তনেছবি : ভিডিও থেকে নেওয়া

ফেনী সরকারি কলেজে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্চের ব্যানার খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। ব্যানারে ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করে কলেজ ছাত্রদলের নেতা–কর্মীরা ব্যানার খুলে নেন বলে অনুষ্ঠান–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে কলেজ প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা শুরুর সময় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান নেতা–কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। মঞ্চের ব্যানারে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শহীদ সরোয়ার জাহান মাসুদ ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের ছবি ছিল। তবে সেখানে ছাত্রদল নেতা শহীদ মোহাম্মদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের নেতা–কর্মীরা অসন্তোষ প্রকাশ করেন।

একপর্যায়ে জাহিদ হাসানসহ কয়েকজন নেতা–কর্মী মঞ্চে উঠে শিক্ষকদের উপস্থিতিতেই ব্যানারটি খুলে নেন। এ সময় অনুষ্ঠানস্থলে কিছুক্ষণ হট্টগোলের সৃষ্টি হয়। পরে কর্তৃপক্ষ শহীদ ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন একটি ব্যানার টানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে উপস্থিত একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, শহীদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের নেতারা প্রথমে প্রতিবাদ জানান। পরে আলোচনা সভা চলাকালে ব্যানার খুলে ফেলা হয়। তাঁদের দাবি, ছাত্রদল নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়েও কিছুটা অসন্তোষ দেখা দিয়েছিল। প্রায় এক ঘণ্টা পর শহীদ ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানানো হলে অনুষ্ঠান শেষ হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘জুলাই সবার। আমরা মনে করি, শহীদ ওয়াসিমের ছবি বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। এর প্রতিবাদ জানিয়েছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার। দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কাজী মোহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফরিদ আলম ভূঞা।

অনুষ্ঠানে ব্যানার খুলে নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক খোন্দকার। তিনি বলেন, জুলাই আন্দোলনের আলোচিত শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, ফেনীর শহীদ মাসুদ ও শ্রাবণের ছবিসংবলিত ব্যানার দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ছাত্রদলের পক্ষ থেকে আগে শহীদ ওয়াসিমের ছবি ব্যবহারের বিষয়ে কোনো অনুরোধ জানানো হয়নি। আগের বছরগুলোর ব্যানারেও তাঁর ছবি ছিল না।

অধ্যক্ষ আরও বলেন, ‘হঠাৎ শহীদ ওয়াসিমের ছবি না থাকার বিষয়টি নিয়ে ছাত্রদলের নেতারা ব্যানারটি খুলে ফেলেন। পরে তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ ওয়াসিমের ছবি সংযুক্ত করে নতুন ব্যানার টানানো হয় এবং অনুষ্ঠান শেষ করা হয়। আগে থেকে বিষয়টি জানালে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।’

ছাত্রদলের নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়ে কোনো জটিলতা হয়েছিল কি না—এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘ছাত্রদলের পক্ষে তিন নেতা ও শিবিরের পক্ষে এক নেতা বক্তব্য দিয়েছেন।’