দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। আজ রোববার নগরের টাইগারপাসে করপোরেশনের অস্থায়ী প্রধান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পর্যবেক্ষক সুজান জিন্ডেল ও মো. মাসুক হায়দারের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মেয়র বলেন, ‘বর্তমানে সারা দেশে আমিই একমাত্র নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। ২০২১ সালের সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের রায়ে আমি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। অন্যান্য সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন না। মেয়র না থাকায় আপাতত প্রশাসক দিয়ে সেগুলো পরিচালিত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।’
শাহাদাত হোসেন বলেন, ‘আমার সঙ্গে ৪১ জন সাধারণ কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর থাকার কথা। কাউন্সিলর না থাকায় এত বড় শহরে সেবা প্রদান খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, একই দিনে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হচ্ছে। এ জন্য আমি মনে করি দ্রুততম সময়ে চট্টগ্রামসহ অন্যান্য সিটি করপোরেশনের নির্বাচন হওয়া প্রয়োজন। বিএনপি সরকারের উন্নয়নের যে মিশন ও ভিশন তা বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।’
সভায় প্রতিনিধি দলের সদস্যরা সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে কথা বলেন। তাঁরা বলেন, বাংলাদেশের জাতীয় আইনি কাঠামো এবং দেশটি যেসব আন্তর্জাতিক ও আঞ্চলিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড গ্রহণ করেছে, তার ভিত্তিতেই সংসদীয় নির্বাচনের মূল্যায়ন করা হয়েছে। গতকাল শনিবার ঢাকায় এই মিশনটি তাঁদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে। নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর, মিশনটি সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশসমূহ অন্তর্ভুক্ত থাকবে এবং এটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।