জাতীয় গ্রিডে যুক্ত হলো এসএস পাওয়ার প্ল্যান্ট, মূল উৎপাদন এপ্রিলে
চট্টগ্রামের বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। আজ শনিবার বেলা ১টা ৫৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎকেন্দ্রটি যুক্ত হয়। তবে বিদ্যুৎকেন্দ্রটি মূল উৎপাদনে যাবে আগামী এপ্রিলে। এর আগে আগামী সোমবার মূল উৎপাদনে যেতে কমিশনিং শুরু হবে।
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রটি এস আলম গ্রুপ ও চীনের সেপকো থ্রির যৌথ মালিকানাধীন।
আজ বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিডের ৪০০ কেভি সঞ্চালন লাইনে যুক্ত করা হয়। এ জন্য সরকার গঠিত ব্যাক ফিড কমিটির নয়জন সদস্য আজ বাঁশখালী পৌঁছান। কমিটির প্রধান ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের প্রধান প্রকৌশলী মোরশেদ আলম খান সুইচ চালু করে জাতীয় গ্রিডের সঙ্গে এর সংযোগ ঘটান।
মোরশেদ আলম খান বলেন, এসএস পাওয়ার প্ল্যান্ট আজকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হলো। পর্যায়ক্রমে এই বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ ৯৭ শতাংশ শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি ৩ শতাংশের মধ্যে রয়েছে রাস্তা ও নালা তৈরির কাজ।
এসএস পাওয়ার প্ল্যান্টের পরিচালক ও এস আলম গ্রুপের পরিচালক শহীদুল আলম বলেন, এটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হলেও সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে পরিবেশদূষণের আশঙ্কা নেই। এই প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
শহীদুল আলম বলেন, বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন ও শিল্পায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প।