ময়মনসিংহের নান্দাইল
সড়কের অভাবে পড়ে আছে সাত কোটি টাকার সেতু
দুই পারের লোকজন এখন বাঁশের চওড়া মই লাগিয়ে সেতুটি পারাপার হচ্ছে। মই বেয়ে প্রতিদিন কয়েক শ লোক চলাচল করছে।
দুই পাশের সংযোগ সড়ক না থাকায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নবনির্মিত একটি সেতু কাজে আসছে না। দুই পারের লোকজন এখন বাঁশের চওড়া মই লাগিয়ে সেতুটি পারাপার হচ্ছে। মই বেয়ে প্রতিদিন কয়েক শ লোক চলাচল করছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলার রাজগাতী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে পাশ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণ করেছে এলজিইডি। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাত কোটি টাকা।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, যখন সেতু ছিল না, তখন দুই পারের মানুষ শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষায় নৌকা দিয়ে নদী পার হতেন। এতে কয়েকবার নৌকাডুবির ঘটনাও ঘটেছে। এতে মৃত্যুর ঘটনাও ঘটে। এ কারণে এখানে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এটি কাজে আসছে না।
সেতুর পশ্চিম পাশে রয়েছে ওই এলাকার প্রধান ব্যবসাকেন্দ্র কালীগঞ্জ বাজার, অগ্রণী ব্যাংকের শাখা ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাজার থেকে প্রায় চার কিলোমিটার দূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত মুশুলি রেলস্টেশন (যদিও স্টেশনটির কার্যক্রম বন্ধ রয়েছে)। অন্যদিকে পূর্ব পারে রয়েছে প্রায় আট-দশটি গ্রামের হাজারো কৃষিজীবীর বসবাস। ফলে সেতুটির প্রয়োজনীতা ছিল। এটি নির্মাণ হওয়ায় দুটি এলাকার মধ্যে সহজ যোগাযোগ স্থাপিত হয়েছে।
পূর্বপারের নগদাপাড়া গ্রামের আবুল হাসেম বলেন, নৌযান চলাচল করার জন্য এই সেতুটি উঁচু করে বানানো হয়েছে। ফলে সড়কের সমতল থেকে সেতুটির দুই প্রান্তের উচ্চতা দশ-বারো ফুটের বেশি রাখা হয়েছে।
ঠিকাদার মো. আবদুল গণি ভূঁইয়া বলেন, মূল সেতুর নির্মাণকাজ শেষ করেছেন। এখন সংযোগ সড়ক নির্মাণ হলে যানবাহন চলাচল করতে পারবে।
এলজিইডির নান্দাইল উপজেলা প্রকৌশলী মো. শাহাবো রহমান বলেন, সংযোগ সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করার প্রয়োজন দেখা দিয়েছে। এজন্য একটি খসড়া লে-আউট প্রণয়ন করা হয়েছে। এতে কী পরিমাণ জমি অধিগ্রহণের প্রয়োজন পড়তে পারে, তা পরিমাপ করা হবে। এ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কবে নাগাদ সংযাগ সড়ক নির্মাণ করা হবে, সে সম্পর্কে তিনি সুনির্দষ্ট দিনক্ষণ বলতে পারেননি।