ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে বাবা-ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

ময়মনসিংহ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকদের ছুরিকাঘাতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সোয়া তিনটার দিকে সদর উপজেলার চুরখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চুরখাই গ্রামের আবুল খায়ের (৬০) ও তাঁর ছেলে ফরহাদ হোসেন (২০)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, চুরখাই গ্রামের মো. কামাল নামের এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের ফরহাদ হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে আবুল খায়ের ও তাঁর ছেলে ফরহাদ বিরোধপূর্ণ জমিতে ধানের চারা লাগাতে যান। এ সময় কামালের লোকজন তাঁদের বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে কামালের লোকজন আবুল খায়ের ও ফরহাদের বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবুল খায়ের ও ফরহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে কামাল পলাতক। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’