ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ইউপি সদস্যের ৬ মাসের কারাদণ্ড
গ্রাম্য সালিসে এক ব্যক্তিকে জুতার মালা পরানোর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাবেক ইউপি সদস্যকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫৫)। তিনি পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। মামলায় মোট নয়জন আসামি ছিলেন। বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বেকসুর খালাস দিয়েছেন।
এক ব্যক্তিকে গ্রাম্য সালিসে জুতার মালা গলায় পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এই সিদ্ধান্ত দেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানিয়েছেন, এই ঘটনার মূল হোতা ছিলেন সাইফুল ইসলাম। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের তারিখ থেকে সাজা কার্যকর হবে। জরিমানার টাকা ক্ষতিগ্রস্ত পাবেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালে ছাইকোলা ইউনিয়নে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক ব্যক্তিকে গ্রাম্য সালিসে জুতার মালা গলায় পরিয়ে এলাকায় ঘোরানো হয়। সালিসে এই সিদ্ধান্ত দেন সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম। ওই ঘটনার ছবি ও ভিডিও অনলাইনে প্রচার করা হয়। পরে ভুক্তভোগী ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।