লক্ষ্মীপুরে যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পরদিনই ১৬ নেতা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার রাতে তাঁরা উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠান।

এর আগে গত রোববার রাতে আবদুর রশিদকে আহ্বায়ক ও মাসুদুর রহমানকে সদস্যসচিব করে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছিল।

পদত্যাগ করা নেতাদের মধ্যে ৬ জন যুগ্ম আহ্বায়ক এবং ১০ জন সদস্য। প্রত্যাশিত পদ না পাওয়া এবং কমিটিতে জ্যেষ্ঠতা না মানার অভিযোগ এনে তাঁরা পদত্যাগ করেন। পদত্যাগ করা নেতাদের একজন যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ। তিনি বলেন, ‘নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব—দুজনই দীর্ঘদিন বিদেশে ছিলেন। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে তাঁদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ কারণে আমরা পদত্যাগ করেছি।’

পদত্যাগপত্র গতকাল হোয়াটসঅ্যাপে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয় বলে জানিয়েছে হারুনুর রশিদ বলেন, ‘আজ মঙ্গলবার জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র জমা দেব।’

পদত্যাগ করা আরেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমও বলেন, ‘গত ১৭ বছরে যাঁরা মামলা-হামলার শিকার হয়েছেন, তাঁদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এ কারণে পদত্যাগ করেছি।’

জানতে চাইলে চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, হোয়াটসঅ্যাপে তিনি পদত্যাগের একটি তালিকা পেয়েছেন। বড় দল হওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও সবাইকে কাঙ্ক্ষিত পদ দেওয়া সম্ভব হয়নি। আশা করছেন, এই ভুল–বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। তিনি আরও বলেন, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বিদেশে ছিলেন, এটি সত্য। কিন্তু তাঁরা বিদেশে যাওয়ার আগেও যুবদলের পদে ছিলেন। অনেক আগেই তাঁরা দেশে ফিরেছেন।