পুলিশের ভুলে তিন দিন জেল খাটতে হলো নিরপরাধ এক কৃষককে
চট্টগ্রামের ফটিকছড়িতে নামের মিল থাকায় পুলিশের ভুলে পরোয়ানাভুক্ত এক আসামির পরিবর্তে মুহাম্মদ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক নিরপরাধ কৃষককে তিন দিন জেল খাটতে হয়েছে। তবে গতকাল শুক্রবার রাতে আদালতের আদেশে বাড়ি ফিরতে পারায় ওই পরিবারে স্বস্তি ফিরেছে। কিন্তু তৈরি হয়েছে ক্ষোভ ও পুলিশের প্রতি অনাস্থা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর গ্রামে। কারাগারে যাওয়া দেলোয়ার হোসেন ওই গ্রামের মুহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তাঁর সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে। এলাকায় কৃষিকাজ করেন তিনি। গ্রেপ্তারি পরোয়ানাটি তামিলকারী পুলিশ কর্মকর্তার নাম ইফতে খাইরুল। তিনি ভূজপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)।
আসামির সঠিক নাম ঠিকানা যাচাই–বাছাই না করে নিরপরাধ ব্যক্তিকে পুলিশের হয়রানিকে খামখেয়ালি হিসেবে দেখছেন এলাকাবাসী। এ ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশের পেশাদারত্ব নিয়েও।
এটা ভুল হয়ে গেছে। আসামির নাম এক হওয়ায় বিষয়টি ধরা পড়তে সময় লেগেছে। পরোয়ানা তামিলের যেই কাগজ হাতে পেয়েছি, তাতে বিস্তারিত তথ্য দেওয়া ছিল না। বাবার নাম থাকলেও মায়ের নাম উল্লেখ ছিল না। এ কারণে ভুলটি হয়ে গেছে।
আদালত সূত্র জানায়, যুগ্ম জেলা ও দায়রা জজ অর্থঋণ আদালত চট্টগ্রামের ২১১/২১ নম্বর মামলার প্রকৃত আসামি দেলোয়ার হোসাইন। তাঁর বাবা মরহুম বাচা মিয়া ও মা মাবিয়া খাতুন। তিনি একই (দাঁতমারা) ইউনিয়নের গ্রামপাড়ার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ব্র্যাক ব্যাংকের ছয় লাখ টাকা ঋণের বিপরীতে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কিন্তু শুধু নামের মিল থাকায় আসামির বাড়ির তিন কিলোমিটার দূরের মোহাম্মদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে দেলোয়ার হোসেনকে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বাড়ি থেকে গ্রেপ্তার করেন এএসআই ইফতে খাইরুল ও তাঁর দল। এর পরদিন তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।
ভুক্তভোগী মুহাম্মদ দেলোয়ার হোসেন আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিনা কারণে আমার মতো একজন কৃষককে তিন দিন জেল খাটতে হলো পুলিশের ভুলের কারণে। গ্রেপ্তার করার সময় জাতীয় পরিচয়পত্র দেখিয়ে পুলিশকে অনেক অনুরোধ করলে তাঁরা আমলে নেননি। এ জন্য আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি।’ তিনি বলেন, ‘আমার চাওয়া পুলিশের এ রকম ভুলে আর যেন কোনো নিরপরাধ মানুষকে জেল কাটতে না হয়। আমার বাড়ি থেকে প্রকৃত আসামির বাড়ির দূরত্ব তিন কিলোমিটার। তবুও কেন পুলিশ এমন করল মাথায় আসছে না।’
এ ব্যাপারে জানতে চাইলে ভূজপুর থানার এএসআই ইফতে খাইরুল আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, এটা ভুল হয়ে গেছে। আসামির নাম এক হওয়ায় বিষয়টি ধরা পড়তে সময় লেগেছে। তিনি বলেন, পরোয়ানা তামিলের যেই কাগজ হাতে পেয়েছেন, তাতে বিস্তারিত তথ্য দেওয়া ছিল না। বাবার নাম থাকলেও মায়ের নাম উল্লেখ ছিল না। এ কারণে ভুলটি হয়ে গেছে। প্রকৃত আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ভুল বুঝতে পেরে পরে তাঁর বাড়িতেও অভিযান চালানো হয়েছে। কিন্তু তিনি পলাতক।