বট–পাকুড়ের বিয়ে হবে, বাজবে সানাই, থাকবে ভোজ
বর পাকুড়গাছ ও কনে বটগাছ পাশাপাশি দাঁড়িয়ে। টাঙ্গাইলের মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে বাজতে চলেছে অন্য রকম এক বিয়ের সানাই। ২৭ নভেম্বর সনাতন ধর্মের রীতি মেনে বিয়ে হবে পাকুড়গাছ তীর্থ শিকদার ও বটগাছ শুক্লা সরকারের।
২০০ বছরের জুটির পাশে
এলাকাবাসী জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো পাশাপাশি একটি বট ও একটি পাকুড়গাছ জড়াজড়ি করে বেড়ে উঠেছিল। ২০২৩ সালের অক্টোবরে গাছ দুটি ঝড়ে ভেঙে পড়ে। স্থানীয় লোকজন পুরোনো জুটির স্মৃতি ধরে রাখতে পাশে নতুন একটি বট ও একটি পাকুড়ের চারা রোপণ করেন। তিন বছরের যত্নে চারা দুটি এখন বেশ বড় হয়েছে। গ্রামের মুরব্বিরা তাদের এক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিয়ের আগে বর–কনের নামও ঠিক করা হয়েছে। পাকুড়গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের (৫০) ছেলে হিসেবে নাম দেওয়া হয়েছে তীর্থ শিকদার। আর বটগাছটিকে একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের (৭১) মেয়ে হিসেবে নাম দেওয়া হয়েছে শুক্লা সরকার। প্রথমে বর ও কনের নাম প্রস্তাব করেন চিত্ত রঞ্জন ও পবিত্র কুমার। গ্রামবাসী তাতে একমত হন। বিয়েতে পুরোহিত মন্ত্র পড়ে শুভদৃষ্টি ও সাত পাকে বাঁধবেন নবদম্পতিকে। গ্রামজুড়ে উৎসবের আমেজ, ফেসবুকে ঘুরছে বিয়ের দাওয়াতপত্র।
গাছই এলাকার পরিচয়
রোববার সকালে রুহিৎপুর গ্রামে গিয়ে দেখা যায়, সড়কের পাশে একটি মুদিদোকানের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছেন। গাছের বিয়ের কথা জিজ্ঞেস করতেই তাঁদের উৎসাহ বেড়ে যায়। দোকানের সামনে চা খাচ্ছিলেন গ্রামের অখিল চন্দ্র দাস (৬০)। তাড়াহুড়া করে এগিয়ে এসে বললেন, ‘গাছ দুটো ওইখানে। চলেন যাই।’
রুহিৎপুর গ্রামের ভাতগ্রাম–বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া গাছের গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। তার পাশেই হবু বর–কনে। চিকন হলেও পাকুড়গাছটি উচ্চতায় প্রায় ১৫ ফুট, বটগাছ প্রায় ১২ ফুট।
গ্রামের ভাতগ্রাম–বরাটি সড়কের দক্ষিণ পাশে ভেঙে পড়া গাছের গুঁড়ির অংশ এখনো পড়ে আছে। তার পাশেই হবু বর–কনে। চিকন হলেও পাকুড়গাছটি উচ্চতায় প্রায় ১৫ ফুট, বটগাছ প্রায় ১২ ফুট। গাছ দুটির চারপাশে ইট–সিমেন্টের গোল বেষ্টনী। এর দক্ষিণ–পূর্ব ও দক্ষিণ পাশে আরও দুটি বটগাছ আছে। অখিল চন্দ্র জানান, ভেঙে পড়া বটগাছের শিকড় থেকেই ওই দুটির জন্ম। এলাকাবাসী সেগুলোরও যত্ন করেন।
গ্রামের বাসিন্দা ও বরাটি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) প্রথম আলোকে বলেন, ভেঙে পড়া গাছ দুটির সঠিক বয়স কেউ জানে না। জন্মের পর থেকেই তিনি গাছ দুটি দেখেছেন। তাঁর বাবা ও দাদাও দেখেছেন। গাছের পাশের জায়গায় বার্ষিক ক্রীড়া, রথযাত্রা ও মেলা হতো। তাঁদের এলাকার পরিচয় ছিল গাছ দিয়ে। গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি ছিল বলে তাঁর ধারণা।
চন্দ্র মোহন শিকদারের ভাষ্য, ‘তিন বছর আগে হঠাৎ হালকা বাতাসেই জোড়া বট আর পাকুড়গাছ পইড়া যায়। গাছের গোড়া অর্ধেক উইঠা যায়। রাস্তার ওপর পড়ে চলাচল বন্ধ হইছিল। গাছ কাটার লোক ডাকা হইল। কিন্তু প্রবীণ গাছ, পূজা–অর্চনা হইত। এ জন্য কেউ কাটতেও চাইল না। রাস্তা পরিষ্কার কইরা পাশে সরাইয়া রাখা হইল। পাশেই জায়গা পরিষ্কার কইরা আমরা বট আর পাকুড় আবার বুনলাম। গাছ এখন সাবালক হইছে। শাস্ত্রমতে তাদের বিয়ে দিতে হইব।’
গ্রামের লিটন মিয়া (৪৫) স্মৃতিচারণা করে বলেন, ‘আমরাও গাছের ছায়ায় বসতাম। হিন্দুরা পূজা করতেন। ভক্তরা এখন গাছের বিয়ে দেবেন। বিষয়টি আমাদের জন্যও আনন্দের।’
অনুষ্ঠানে সানাই, শোভাযাত্রা ও মধ্যাহ্নভোজ
আয়োজকেরা জানান, বিয়েতে সানাই বাজবে, গ্রামে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা, থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন। তবে দাওয়াতপত্র শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই প্রকাশ করা হয়েছে। স্থানীয় লোকজন দাওয়াত ছাড়াই বিয়ে খেতে আর বর–কনে দেখতে মুখিয়ে আছেন। আয়োজনের ব্যয় বহন করবে গ্রামবাসী।
বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজ করেন। তাঁর দুই মেয়ে। তিনি বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হবে। এ বিয়েতে কোনো যৌতুক থাকবে না।
কনের বাবা পবিত্র কুমার সরকার টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদের আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ। তিনি বলেন, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। সেই কষ্ট ভুলতেই তিনি বটগাছটির (শুক্লা সরকার) বাবা হয়েছেন। তাঁর ভাষ্য, ‘সাধারণত বিয়ের পর কনেকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয়। এ নিয়ে অনেক সময় পারিবারিক সমস্যাও হয়। এই বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তাঁর মেয়ের সঙ্গে কারও বিবাদ হবে না। বর–কনে আজীবন পাশাপাশি থাকবে। আমি আর চিত্ত রঞ্জনও সারা জীবন আত্মীয়তায় আবদ্ধ থাকতে পারব।’