ভুক্তভোগী সেজে সাক্ষ্য দিতে গিয়ে ধরা, বাদী ও আসামিপক্ষের ১১ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

গোপালগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম ও মারপিটের একটি মামলায় ভুক্তভোগী সেজে সাক্ষ্য দিতে এসে শহিদুল শেখ (৪২) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঘটনার সময় মামলার বাদী এজলাস থেকে পালিয়ে যান।

মঙ্গলবার দুপুরে গোপালাগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওই ঘটনা ঘটে। পরে আদালতের বেঞ্চ সহকারী মো. জামিল আহমেদ বাদী হয়ে ভুয়া সাক্ষীসহ ওই মামলার বাদী ও আসামি পক্ষের ১২ জনকে আসামি করে গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম এ হাই এই তথ্য নিশ্চিত করেন।

ভুয়া সাক্ষ্য দিতে এসে গ্রেপ্তার শহিদুল শেখ জেলার মুকসুদপুর উপজেলার ডাঙ্গাদুর্গাপুর গ্রামের সফিউদ্দিন শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে মুকসুদপুর উপজেলার ডাঙ্গাদুর্গাপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সাইফুল শেখকে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় সাইফুলের চাচা মো. তারা শেখ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি মামলা করেন। মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলার মূল ভুক্তভোগী সাইফুল শেখ সেজে কাঠগড়ায় সাক্ষ্য দিতে ওঠেন তাঁর ছোট ভাই শহিদুল শেখ। মামলা মীমাংসা করার জন্য ভুক্তভোগী সাইফুলকে না জানিয়ে বাদী ও আসামিপক্ষ মিলে এই পরিকল্পনা করে।

ভুক্তভোগীর সাক্ষ্য গ্রহণের শুরুতে আদালতে বিচারক মো. সাহাদাত হোসেন ভূঁইয়া নাম জানতে চান। শহিদুল শেখ এ সময় তার নিজের নাম বলে ফেলেন। তৎক্ষণিক আবার নাম বলেন সাইফুল শেখ। এতে আদালতের সন্দেহ হলে সাক্ষীর পরিচয়পত্র দাখিলের আদেশ দেন। একপর্যায়ে শহিদুল শেখ স্বীকার করেন তিনি সাইফুল শেখ নন।
প্রতারণার আশ্রয় গ্রহণ করে মিথ্যা পরিচয়ে শপথবাক্য পাঠের অপরাধে আদালত ভুয়া সাক্ষী, বাদী ও আসামিপক্ষের ১১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি ওই মামলার বাদীসহ ১২ জনের বিরুদ্ধে একটি পৃথক মামলা দায়েরের নির্দেশ দেন।