উচ্চমূল্যে জ্বালানি কিনে বিদ্যুৎ উৎপাদন করলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী
ছবি: প্রথম আলো

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আজকে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে দেশ। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। সম্প্রতি আমাদের লোডশেডিং করতে হচ্ছে। কিন্তু কেন? সেটা আমাদের বুঝতে হবে। আমাদের তো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। আমাদের বুঝতে হবে বিশ্বে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে। জ্বালানি তেলের মূল্য অসম্ভব বেড়ে গেছে। আমরা যদি উচ্চমূল্যে জ্বালানি কিনে বিদ্যুৎ উৎপাদন করতে যাই, তাহলে আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে। আমরা নিজেদের ঘর–সংসারে কী করি? যদি দেখি সংসারে খারাপ দিন আসতে পারে, তাহলে হিসাব করে চলি।’

গতকাল শুক্রবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে দীপু মনি বলেন, ‘আমরা কি ভুলে গেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে সারা দিন বিদ্যুৎ থাকত না। যারা বিদ্যুৎ দিতে পারত না, তারাই এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার পরামর্শ নিয়ে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। তাদের কথা আপনার শুনবেন না।’
সম্প্রতি জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম সংসদে পাঠ্যবইয়ের পরিবর্তন নিয়ে বক্তব্য দেন।

ওই বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, যে যেভাবে পারছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে দেশে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করছেন। সংসদে দেওয়া বক্তব্যে ফখরুল ইমাম বর্তমান সরকারের বিরুদ্ধে পাঠ্যবই পরিবর্তনের বিষয়ে অভিযোগ করেন। সংসদ সদস্যের ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। অনেকে সেটা না বুঝে শেয়ারও করেছেন। পরে দেখা গেল সংসদ সদস্য ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে বক্তব্য দিয়েছিলেন। পরে তিনি সেই বক্তব্য প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে আবেদন জানিয়েছেন। কিন্তু দেশবিরোধী শক্তি সরকারের বিরুদ্ধে তো অপপ্রচার চালিয়ে ক্ষতি করেছে। সেই ক্ষতি তো পূরণ হওয়ার নয়। এখনো সেই বক্তব্যের ভিডিও বিভিন্ন মাধ্যমে ঘুরছে।

ওই সভায় অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সংসদ সদস্য অসীম কুমার উকিল, ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুছ ছাত্তারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম।