দিনাজপুরে বাজারদর
সবজি-মাছের দাম কমল, বেড়েছে মুরগির দাম
এক সপ্তাহ আগে মুরগির খাদ্যের বস্তা ছিল ২ হাজার ৫০০ টাকায়। এখন সেই বস্তার দাম হয়েছে তিন হাজার টাকা বলে জানিয়েছেন বিক্রেতারা।
দিনাজপুরের বাজারের সবজির দাম প্রতি কেজিতে কমেছে ৫-১৫ টাকা। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। তাই ধীরে ধীরে দাম কমতে শুরু করেছে। দাম কমায় ক্রেতাদের সবজি কেনার প্রবণতা বেড়েছে। মাছের দামও কমেছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়তি মুরগির দাম।
গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার সকালে শহরের বাহাদুর বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি লাউ খুচরায় বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। সপ্তাহখানেক আগেও যা ৪০ টাকা ছিল। একইভাবে ফুলকপি, ওলকপি, শালগম, ব্রকলি, পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা কেজি দরে। এসব সবজি এক সপ্তাহ আগে ছিল ৩০–৩৫ টাকা। বেগুন, বাঁধাকপি, মুলা, শিম, পেঁপে ২২-৩০ টাকা থেকে নেমে এখন ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। গাজর, টমেটো, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকার বদলে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে করলা, বরবটি, ঢ্যাঁড়সের দাম কমেনি। বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজি দরে। বিভিন্ন জাতের আলু ১৫-২৫ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।
বুধবারে সবজি কিনতে আসা হায়দার আলী (৬৫) বলেন, ‘গরিব মাইনসের ঘরত মাছ-গোশত লাগে না। শাক-ডাল-ভাত-ভর্তা এগুলো হইলেই চলে। বাজারে আসিয়া ভালো লাগিলো। যাই হোক সবজি গিলার দাম কমি গেইসে। বাপরে বাপ, কী দিন আছিলো।’
কমেছে শাকের দামও। পালং ও লালশাক প্রতি আঁটি সাত টাকায় বিক্রি হচ্ছে। পুঁইশাক প্রতি আঁটি ১৫ টাকা। তবে বথুয়াশাকের দাম বেশি। সবজি বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, সপ্তাহ দেড়েক আগে এসব শাক প্রতি আঁটি ২০-২৫ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। সরবরাহ বেশি থাকায় এখন দাম কমেছে।
হাতে ব্যাগ নিয়ে বাহাদুর বাজারের শেষ মাথা থেকে হেঁটে যাচ্ছিলেন আমেনা বেগম (৪০)। তিনি বলেন, ২৩৫ টাকা কেজি দরে রুই মাছ কিনেছেন। সোনালি জাতের মুরগি কিনেছেন ২৪০ টাকা কেজি। ৩০ টাকায় একটি লাউ, ফুলকপি নিয়েছেন ২৫ টাকায়। অথচ মাসখানেক আগে ৫০০ টাকা নিয়ে বাজারে এলে সর্বোচ্চ তিন-চার পদের জিনিস কিনতে পারতেন। এখন বাজারে এসে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। অন্তত পছন্দের সবজিটা কিনতে পারছেন।
মাছের বাজারে দেখা যায়, ছোট ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়। মাঝারি ও বড় ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে। মাছ ব্যবসায়ী সুধীর চন্দ্র বলেন, সব ধরনের ইলিশ কেজিতে ২০০-৩০০ টাকা পর্যন্ত কমেছে।
বাহাদুর বাজারে কাতল মাছ প্রতি কেজি ৩২০–৩৫০ টাকা, রুই ২৪০–২৬০, তেলাপিয়া ১২০–১৫০ ও পাঙাশ ১৫০–১৭০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিনে মাছের আমদানি বেড়েছে। প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে ৩০-৫০ টাকা পর্যন্ত কমেছে।
সবজি ও মাছের দাম কমলেও বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪৫ টাকা। এক সপ্তাহ আগে ছিল ১২০ টাকা। সোনালি মুরগি ২৩০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা, লেয়ার ২২০ থেকে ২৩৫ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ টাকা কেজি দরে। বিক্রেতা আসলামউদ্দিন বলেন, এক সপ্তাহ আগে ফিডের বস্তা (৫০ কেজি) কিনেছেন ২ হাজার ৫০০ টাকায়। এখন সেই ফিড হয়েছে তিন হাজার টাকা। মুরগির দাম তো বাড়বেই। কারণ, ফিড হচ্ছে মুরগির প্রধান খাবার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) খালেদুর রহমান বলেন, জেলায় রবি মৌসুমে আলু বাদে ১৭ হাজার হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বেগুন, ওলকপি, গাজর, মুলা, শিমসহ নানা ধরনের সবজির চাষ হয়েছে। এই মৌসুমে উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যায়।