ঝিনাইদহ শহর
ব্যস্ত সড়কে গাছের কাটা ডাল, চলাচলে ঝুঁকি
গত নভেম্বর মাসের শুরুর দিকে জেলা পরিষদ শুকনা ডালগুলো কেটে ফেলে।
পরিষদ বলছে, ডালের মূল্য নির্ধারণ করা হবে। পরে সড়ক থেকে এগুলো সরিয়ে নেওয়া হবে।
ঝিনাইদহ শহরের ব্যস্ততম একটি সড়কের প্রায় অর্ধেক অংশে গাছের ডাল কেটে ফেলে রেখেছে জেলা পরিষদ। প্রায় দেড় মাস এই অবস্থা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে ও পথচারীরা ভোগান্তিতে রয়েছেন।
সড়ক সরু হওয়ায় ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে। গত শনিবারও এই গাছের ডালের কারণে দুর্ঘটনায় আহত হয়ে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা পরিষদ বলছে, গাছের কাটা ডালের মূল্য নির্ধারণ করা হবে। এরপর এগুলো সরিয়ে নেওয়া হবে। যতক্ষণ মূল্য নির্ধারণ কাজ শেষ না হচ্ছে, ততক্ষণ সরানো যাচ্ছে না। আর এই কাজে একটু দেরি হওয়ায় ডাল সরানো সম্ভব হয়নি।
প্রায় দেড় মাস এই অবস্থা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে ও পথচারীরা ভোগান্তিতে রয়েছেন।
ঝিনাইদহ শহরের সরকারি কবরস্থান এলাকায় হামদহ-পায়রা চত্বর সড়কের ওপর একটি বড় কড়ই গাছ রয়েছে। এই গাছের বেশ কিছু ডাল শুকিয়ে এসেছিল। গাছটি জেলা পরিষদের জায়গায়। গত নভেম্বর মাসের শুরুর দিকে পরিষদ শুকনা ডালগুলো কেটে ফেলে। কাটা ডালগুলো সড়কের ওপর রয়েছে। দেড় মাসেও সড়কের ওপর থেকে ডাল সরানো হয়নি।
যেখানে ডালগুলো ফেলে রাখা হয়েছে, সেখান থেকে আরও দুইটি পার্শ্ব সড়ক বেরিয়ে গেছে। স্থানটির পাশে রয়েছে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়, ঝিনাইদহ আলিয়া মাদ্রাসা, গণপূর্তের অফিস, সরকারি কবরস্থান ও দুইটি বেসরকারি হাসপাতাল। এসব সড়কে প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থী যাতায়াত করেন। সবাই ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
গত সোমবার গিয়ে দেখা যায়, ঝিনাইদহ আলিয়া মাদ্রাসার সামনে সড়কের ওপর গাছের বড় বড় ডাল পড়ে আছে। ওই এলাকা দিয়ে চলাচলকারী ছোট-বড় যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। ওই এলাকার বাসিন্দা আবদুল মালেক বলেন, শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ত সড়ক এটি। শহরের বাস টার্মিনাল থেকে শহরের ভেতর দিয়ে পায়রা চত্বর হয়ে হাটের রাস্তা পেরিয়ে হামদহ বাইপাসে মিশেছে সড়কটি। এই সড়কে ওপর এভাবে প্রায় অর্ধেক জায়গা জুড়ে ডাল কেটে ফেলে রাখা হয়েছে।
ওই সড়কে চলাচলকারী ইজিবাইকচালক নাসির উদ্দিন বলেন, এই স্থানে এসে মাঝেমধ্যেই তাঁরা ঝুঁকির মধ্যে পড়েন। পাশ দিয়ে কোনো যানবাহন চলে এলে ডাল ফেলে রাখা জায়গাটি পার হওয়া দায় হয়ে যায়।
স্থানীয় দোকানদার রাসেল আলী বলেন, ডালের কারণে সড়কটি দিয়ে মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তাঁরা জেলা পরিষদের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, গাছের ডালগুলো শুকিয়ে যাওয়ায় সেগুলো কাটা হয়েছে। এগুলো পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। মূল্য নির্ধারণ হয়ে গেলেই ডালগুলো সরিয়ে নেওয়া হবে। এ জন্য একটু সময় লাগছে।